চার ইউপিতে নির্বাচন স্থগিত
সীমানা নিয়ে জটিলতার কারণে কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ও দক্ষিণ, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ এবং সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছেন উচ্চ আদালত।
গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে এসে পৌঁছায়। এরপর ইউপিগুলোতে নির্বাচন স্থগিতের কথা মাইকে জানানো হয়। জগন্নাথপুর ও কাজীপুরে কাল শনিবার এবং দেবীদ্বারের দুটি ইউপিতে ৪ জুন ভোট নেওয়ার কথা ছিল।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ গুনাইঘর উত্তর ও গুনাইঘর দক্ষিণ ইউপির নির্বাচন স্থগিতের আদেশ দেন। গতকাল এ সম্পর্কিত নথি জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার দপ্তরে আসে। দেবীদ্বার পৌরসভা ও গুনাইঘর গ্রামের সীমানা নিয়ে গুনাইঘর গ্রামের মকবুল হোসেন সরকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেওয়া হয়।
সুনামগঞ্জ: জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, কুশিয়ারা নদীর ভাঙনের কারণে রানীগঞ্জ ইউপির সীমানা জটিলতা নিয়ে বর্তমান চেয়ারম্যান মজলুল হক উচ্চ আদালতে রিট আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন স্থগিত ঘোষণা করে অধিকতর শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন। এদিকে নির্বাচন স্থগিতের খবরে গতকাল বিকেলে রানীগঞ্জ বাজারে সমাবেশ করেছে আওয়ামী লীগ।
ইউএনও মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, তিনি নির্বাচন স্থগিতের বিষয়ে আদালতের আদেশের কপি পেয়েছেন।
সিরাজগঞ্জ: জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম বলেন, সীমানা জটিলতাকে কেন্দ্র করে কাজীপুর সদর ইউপির বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন মাসের জন্য ভোট স্থগিত করে রুল জারি করেন।