‘সংহতি’ দিবসের কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় চারজনকে কারণ দর্শানোর চিঠি দেবে চট্টগ্রাম নগর ছাত্রদল। গত শনিবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে বিএনপির আলোচনা সভায় ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।
ছাত্রদল সূত্র জানায়, চট্টগ্রাম কলেজের কর্মী আবু বকর সিকদার, সালাহ উদ্দিন, মোহাম্মদ সাব্বির ও আকতার হোসেনকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নিয়েছে নগর ছাত্রদল। দু-এক দিনের মধ্যে তাঁদেরকে চিঠি পাঠিয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হবে। জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন নেতারা।
সংঘর্ষের ঘটনায় জড়িত ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাত্রদলের মহানগর কমিটির সভাপতি গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুল ইসলামকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
জানতে চাইলে শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের আলোচনা সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করে চট্টগ্রাম কলেজের ছাত্রদলের কর্মীরা ধৃষ্টতা দেখিয়েছে। তাদের চিহ্নিত করে কারণ দর্শানোর চিঠি দিয়ে ব্যবস্থা নিতে মহানগর ছাত্রদলের সভাপতি, সম্পাদকসহ তিনজনকে দায়িত্ব দিয়েছি। জবাব সন্তোষজনক না হলেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে বরদাশত করা হবে না।’
দায়িত্ব পাওয়ার কথা স্বীকার করে নগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘২০০৩ সালের পর চট্টগ্রাম কলেজে ছাত্রদলের কমিটি গঠিত হয়নি। সেখানে ছাত্রদলের ভেতরে শিবির কিংবা ছাত্রলীগের বর্ণচোরা লোকজন ঢুকে যেতে পারে। এরপরও আমরা চারজনকে চিহ্নিত করে কারণ দর্শানোর চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’
নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শনিবার বিকেলে নাসিমন ভবন চত্বরে শুধু চারজন নন, আরও অনেকে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন। তাঁদেরও ক্ষমা নেই। তিনি বলেন, ‘সভাপতির সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কর্মীদের মধ্যে সেই প্রভাব কেন পড়বে—এই প্রশ্নের জবাব আমিও খুঁজছি।’