চার কাউন্সিলরের আ.লীগে যোগদান
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে পরাজিত চার কাউন্সিলরের নেতৃত্বে নয় শতাধিক লোক আওয়ামী লীগে যোগদান করেছেন। গত রোববার রাত আটটার দিকে আওয়ামী লীগের ফুলবাড়ী উপজেলার দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা যোগদান করেন।
জাতীয় পার্টি ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নজরুল ইসলাম, ৯ নম্বরের আতাউর রহমান, ৩ নম্বরের সেকেন্দার আলী দুলাল ও সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তঞ্জু আরার নেতৃত্বে নয় শতাধিক লোক আওয়ামী লীগে যোগদান করেন।
নজরুল ইসলাম বলেন, তাঁকে না জানিয়ে ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির অন্য একজনকে মেয়রপ্রার্থী করা হয়েছিল। ওই প্রার্থী নির্বাচনে মাত্র ৩০ ভোট পেয়েছেন। এটি তাঁর এবং দলের জন্য লজ্জার। তাই বাধ্য হয়ে দলীয় দেড় শতাধিক নেতা-কর্মী এবং চার শতাধিক অনুসারীকে নিয়ে তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন।
কাউন্সিলর আতাউর রহমান, সেকেন্দার আলী ও তঞ্জু আরা বলেন, তাঁরা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত এবং আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে দলটিতে যোগদান করেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৫ আসনের সাংসদ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। ওই সব নেতা-কর্মীরা মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।