ধলপুর কমিউনিটি সেন্টারের পুরুষ ভোটকেন্দ্রে ভোটার তিন হাজার ২৯৪ জন। চার ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ১৮৫ টি। শতকরা হিসেবে এটি ৫ দশমিক ১৬ শতাংশ।
আজ শনিবার সকাল ৯টা থেকে ঢাকা ৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ইভিএম পদ্ধতিতে এই আসনে ভোট হচ্ছে। বেলা একটায় কেন্দ্রটিতে গিয়ে এই তথ্য পাওয়া গেছে।
ধলপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফজলুল হক প্রথম আলোকে বলেন, তাঁর কেন্দ্রে আটটি বুথ রয়েছে। ভোটার আসছে। তবে তুলনামূলক কম।
পরে আটটি বুথ পরিদর্শন করে দেখা যায়, এক নম্বর বুথে ৪১২ জন ভোটারের মধ্যে ১৮ জন ভোট দিয়েছেন। দুই নম্বর বুথে ৪১২ জনের এর মধ্যে ২৬ জন, তিন নম্বর বুথে ৪১২ জনের মধ্যে ২৮ জন। ৪ নম্বর বুথে ৪১২ জন এর মধ্যে ১৬ জন, ৫ নম্বর বুথে ৪১২ জন এর মধ্যে ১৯ জন, ৬ নম্বর বুথে ৪১২ জন এর মধ্যে ৩২ জন, ৭ নম্বর বুথে ৪১২ জনের মধ্যে ২৭ জন এবং আট নম্বর বুথে ৪০৮ জনের মধ্যে ১৯ জন তাদের ভোট প্রয়োগ করেছেন।
প্রায় ২০ মিনিট কেন্দ্রের ভেতরে অবস্থান করে দেখা যায়, নৌকাপ্রার্থীর নির্বাচনী প্রচারের ছবি গলায় ঝুলিয়ে কেন্দ্রের ভেতরেই দল বেঁধে লোকজন প্রবেশ করছেন। যাঁরা কেন্দ্রে প্রবেশ করছেন তাঁদের কেউ ভোট দিচ্ছেন না। ভেতরে কিছুক্ষণ অবস্থান করে আবার চলে যাচ্ছেন।
এই কেন্দ্রে ধানের শীষের কোনো পোলিং এজেন্টকে পাওয়া যায়নি। কেন্দ্রের বাইরেও তাঁদের দেখা মেলেনি। তবে নৌকা প্রতীকের সমর্থকেরা কেন্দ্রের বাইরে জটলা বেঁধে অবস্থান করছেন।
ঢাকা ৫ আসনের মোট ভোটার চার লাখ ৭১ হাজার ১২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৪৬৪ জন। আর নারী ভোটার দুই লাখ ২৯ হাজার ৪৬৫ জন।
এই আসনে নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম ও ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ।