চার চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জে গতকাল একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে খোলা আকাশের নিচে ভোট গ্রহণ চলছে l প্রথম আলো
ঝিনাইদহের কালীগঞ্জে গতকাল একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে খোলা আকাশের নিচে ভোট গ্রহণ চলছে l প্রথম আলো

বরিশালের মুলাদীর বাটামারা ও বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়ন পরিষদে (ইউপি) বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতায় আওয়ামী লীগের ও রাজবাড়ীর কালুখালীর বোয়ালিয়া ইউপিতে জাসদের চেয়ারম্যান প্রার্থী এবং ভোলার বাপ্তায় এক সদস্য প্রার্থী ভোট বর্জন করেন।

আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল: বাটামারা ইউপির বিএনপির প্রার্থী ফজলুল হক মণি বলেন, গতকাল সোমবার সকাল থেকেই তাঁর এলাকার নয়টি কেন্দ্রের সব কটি আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা দখলে নেন। তাঁরা কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেন। এমনকি চেয়ারম্যান পদের ব্যালটটি রেখে দিয়ে তাঁরা নিজেরাই সিল মারেন। এসব কারণে তিনি বেলা ১১টায় ভোট বর্জনের ঘোষণা দেন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা এমদাদুল হক বলেন, বিএনপির প্রার্থীর ভোট বর্জনের লিখিত অভিযোগটি তিনি দুপুর ১২টায় পেয়েছেন। তবে এজেন্টদের বের করে দেওয়া ও ব্যালটে সিল মারার অভিযোগের বিষয়ে কোনো প্রিসাইডিং কর্মকর্তা তাঁকে জানাননি।

চাঁদপাশা ইউপির বিএনপির প্রার্থী আলমগীর হোসেন বলেন, ‘সরকারি দলের লোকজন আমাদের কেন্দ্রের কাছে যেতে দেয়নি। সরকারি দলের ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের কারণে তিনি ভোট বর্জন করেছেন।’

বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, চাঁদপাশা ইউনিয়নে ভোট বর্জনের লিখিত অভিযোগ পাইনি। সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে।

রাজবাড়ী: বোয়ালিয়া ইউপির জাসদের প্রার্থী আবু হাসেম শেখ গতকাল বেলা আড়াইটার দিকে বাংলাদেশ হাট এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট প্রদান এবং তাঁর এজেন্ট ও সমর্থকদের বের করে দেওয়া হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।

সাতক্ষীরা: কেরালকাতার ইউপির বিএনপির প্রার্থী মোরশেদ আলী বলেন, ভোট শুরুর ঠিক আগে তাঁর পক্ষের ভোটাররা কেন্দ্রর কাছে জড়ো হলে বিজিবির সদস্যরা ওই এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন। এতে তাঁর ভোটাররা ভয়ে কেন্দ্র ত্যাগ করে চলে যান। এ অবস্থায় তিনি বাধ্য হয়ে ভোট বর্জন করেছেন। বিষয়টি তিনি ভোটকেন্দ্রের নির্বাহী হাকিম রুহুল আমিন ও প্রিসাইডিং কর্মকর্তা তপন কুমার দাসকে জানিয়েছেন।

প্রিসাইডিং কর্মকর্তা তপন কুমার দাস বলেন, ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে প্রার্থীদের অভিযোগ নেই। বাইরে কিছু হয়ে থাকলে তিনি জানেন না।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, জেলার চারটি ইউপিতে ভোট হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি।

ভোলা: সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী হাসান মাকসুদুর বলেন, সকাল আটটায় ভোট শুরুর আগে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী মো. ফারুক, তাঁর ছেলে আলমাছ, ভাই নীরব, ভাতিজা রাকিবসহ একাধিক সন্ত্রাসী বিনা উসকানিতে তাঁদের ওপর হামলা চালায়। তারা মাকসুদুর রহমানের স্ত্রী পারভিন বেগম, ভাই মিজানুর রহমান ও জহুরুল ইসলামসহ পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। সকাল নয়টার দিকে সন্ত্রাসীরা ভোটারদের হাত থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে টিউবওয়েল মার্কায় সিল মারতে থাকে। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকদের জানিয়ে প্রতিকার না পেয়ে তিনি ভোট বর্জন করেন। তিনি আবার ভোট দাবি করেন।

প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী মো. ফারুক এসব অভিযোগ অস্বীকার করেছেন।

ভোলা থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, ভোট সুষ্ঠু হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।