চার জেলা থেকে ৪০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহ ও বিভিন্ন মামলায় গতকাল রোববার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় চার জেলা থেকে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের অধিকাংশই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী-সমর্থক। এই ব্যক্তিদের মধ্যে শুধু সাতক্ষীরাতে গ্রেপ্তার করা হয় ৩৬ জনকে।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন জামায়াতের আমির আবদুল বারীসহ ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন জামায়াতের ও দুজন বিএনপির নেতা-কর্মী। জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক শেখ এমদাদ হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পঞ্চগড়ের জ্বালাসী এলাকা থেকে শনিবার রাতে ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও অফিস সহকারী আমিরুল হাসান। পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ একাধিক ঘটনায় মামলা রয়েছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল আহাদ রুফুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার বিকেলে উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইব্রাহিমকে পুলিশ আটক করেছে। গতকাল দুপুরে উপজেলার চরকরফা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাঁকে আটক করা হয়েছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}