পাঁচ জেলায় কাল সকাল-সন্ধ্যা হরতাল
সুনামগঞ্জ, মাগুরা, নোয়াখালী, চুয়াডাঙ্গা ও ফেনী জেলায় আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সুনামগঞ্জ: বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী। তিনি জানান, জেলার নেতা-কর্মীদের শান্তিপূর্ণ হরতাল সফল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের গ্রেপ্তার এবং মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।
মাগুরা: জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ প্রথম আলোকে জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের গ্রেপ্তার এবং মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে কাল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।
নোয়াখালী: বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহানকে ঢাকায় আটকের প্রতিবাদে নোয়াখালী জেলায় কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ এ তথ্য জানিয়েছেন। শাহজাহানকে আটক করার প্রতিবাদে শহরে আজ যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিষ্কৃতি চাকমা প্রথম আলোকে বলেন, বিএনপির কিছুসংখ্যক নেতা-কর্মী বিচ্ছিন্নভাবে মিছিল ও ভাঙচুরের চেষ্টা করছে। শহরের বিভিন্ন এলাকা থেকে তিনজন পিকেটারকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
চুয়াডাঙ্গা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর নিজ জেলা চুয়াডাঙ্গায় কাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। জাতীয়তাবাদী কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষÿথেকে এই হরতাল আহ্বান করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম রেজা আজ বেলা দেড়টার দিকে জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি ভবনের তিন তলায় সাংবাদিকদেরকে এ কথা জানান।
তবে, জেলা আওয়ামী লীগ এই হরতাল প্রত্যাখান করেছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান জানান, হরতালের নামে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এমন কর্মসূচি মেনে নেওয়া হবে না।
ফেনী: ফেনীতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট কাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে বুধবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল ডেকেছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও ফেনী জেলা জামায়াতের আমীর এ কে এম সামছুদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। আজ সোমবার সন্ধ্যায় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু ইউছুপ হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ দুপুরে এ কে এম সামছুদ্দিনকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের ওপর ককটেল নিক্ষেপের মামলা ও হেফাজতে ইসলামের আন্দোলনের সময় স্থানীয় শহীদ মিনার ভাঙচুরের মামলা রয়েছে। এ ছাড়া পুলিশ গতকাল রোববার রাতে বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ১৫ কর্মীকে আটক করেছে।