চার জেলায় জনসভা করবে ২০-দলীয় জোট
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে চারটি জেলায় জনসভা করবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এসব জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন।
গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রথম জনসভাটি হবে ২৩ অক্টোবর নীলফামারীতে। এরপর ৩০ অক্টোবর নাটোরে, ৬ অথবা ৭ নভেম্বর কুমিল্লায় ও ১২ নভেম্বর কিশোরগঞ্জে জনসভা করবে জোট। এর মধ্যে কুমিল্লার জনসভাটি একই সঙ্গে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ও নির্দলীয় সরকারের দাবিতে করা হবে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল যে নালিশি মামলা করা হয়েছে, এর নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, হীন উদ্দেশ্যে সম্পূর্ণ ‘বানোয়াট’ এ মামলা করা হয়েছে। মামলাটি প্রত্যাহারের দাবি জানান তিনি।
‘সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগে মামলা করা হয়েছে। এতে অবৈধ সরকারের প্রশ্রয় রয়েছে।’ তিনি অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করা হচ্ছে—এমন দাবি করে ফখরুল বলেন, ‘আমরা শুনেছি, ইতিমধ্যে মন্ত্রিসভায় এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। আমরা এ মূল্যবৃদ্ধির প্রক্রিয়া বন্ধের দাবি জানাচ্ছি। দাম বাড়ানো হলে জনগণ তা মেনে নেবে না।’