চার দেশে ইইউর মতো সড়ক যোগাযোগ আসছে: কাদের

বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে আগামী ১৫ জুন একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। ভুটানের রাজধানী থিম্পুতে চার দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার এসব তথ্য জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনের সেমিনারকক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ষষ্ঠ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সভাকে এসব তথ্য জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, এ চুক্তির ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর আদলে এই চারটি দেশের মধ্যে সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। তবে এই যোগাযোগব্যবস্থা পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
ধমক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে বাস রাখার জায়গা বরাদ্দ না দেওয়ায় একই সভায় বসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান প্রকৌশলীকে ধমক দেন ওবায়দুল কাদের। সভায় উপস্থিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ প্রতিক্রিয়া দেখান মন্ত্রী। আগামী বুধবারের মধ্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে সংশ্লিষ্ট জায়গার বরাদ্দ নিশ্চিত করতে ওই দুই কর্মকর্তাকে নির্দেশ দেন মন্ত্রী।
ভর্ৎসনা: আইভীর অপর এক অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে ভর্ৎসনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।