চার নেতার কমিটিতে চলছে চট্টগ্রাম নগর বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটির মেয়াদ হবে দুই বছরের। কমিটির সদস্যসংখ্যা হবে সর্বোচ্চ ১৭১। তবে চট্টগ্রাম মহানগর কমিটির জন্য দলের গঠনতন্ত্র যেন ‘কাগুজে দলিল’। বাস্তবে চট্টগ্রাম নগর কমিটি কাজ করছে ছয় বছর ধরে। এর মধ্যে পাঁচ বছর ধরে সভাপতি, সাধারণ সম্পাদক ও দুজন সহসভাপতিসহ মোট চারজন মিলে চলছে নগর কমিটি। যাঁদের মেয়াদ চার বছর আগেই শেষ হয়েছে।
সর্বশেষ ২০০৯ সালের ১৬ নভেম্বর চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মেলন আয়োজন করা হয়। নেতা-কর্মীদের একাংশের বাধায় ওই সম্মেলন পণ্ড হয়ে যায়। এর এক মাস পর ২০০৯ সালের ২০ ডিসেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি ও শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে চট্টগ্রাম নগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। পরে ২০১০ সালের জানুয়ারিতে শিল্পপতি শামসুল আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র দস্তগীর চৌধুরী ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আবু সুফিয়ানকে সহসভাপতি করে কমিটির পরিধি বাড়ানো হয়। ২০১১ সালের ১৭ এপ্রিল দস্তগীর চৌধুরী মারা যাওয়ার পর থেকে চারজনকে নিয়ে চলছে বিএনপির চট্টগ্রাম নগর কমিটি।
দলের মাঠপর্যায়ের নেতারা রসিকতা করে বলেন, কোন্দল ঠেকানোর কৌশল হিসেবে নগর কমিটি বড় করার ঝুঁকি নেয়নি কেন্দ্র। কমিটি ছোট হওয়াতে দলে এখন গ্রুপিং (অন্তঃকোন্দল) নেই বলে দাবি করেন তাঁরা।
ছয় বছরেও কেন পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি, তা জানতে চাইলে চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে কেন্দ্রে তালিকা পাঠানো হয়েছিল। দলের জন্য নিবেদিত কর্মী, নিষ্ঠাবান ও শিক্ষিত ব্যক্তিরা যাতে কমিটিতে জায়গা পান, সে চেষ্টাও ছিল। কেন কমিটি পূর্ণাঙ্গ হয়নি, সেটা আমার জানা নেই।’
কমিটি গঠনে ব্যর্থতার বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘পাঁচজনের কমিটি ঘোষণার পর আমরা বাকি ১৬৬ জনের তালিকা এবং উপদেষ্টা হিসেবে আরও ১০ জনের নাম কেন্দ্রে পাঠিয়েছিলাম। কিন্তু কেন্দ্র কোনো সিদ্ধান্ত না দেওয়ায় কমিটির পরিধি আর বাড়েনি।’
মেয়াদোত্তীর্ণ কমিটির দায়িত্ব পালনের বিষয়ে শাহাদাত হোসেন বলেন, ‘পরিবেশ-পরিস্থিতির কারণে ৮-১০ বছরও দায়িত্ব পালন করা যায়। তবে কেন্দ্র কী চায়, সেটা বিবেচনায় নিতে হবে। এখানে আমাদের কোনো হাত নেই।’ তিনি বলেন, ‘মাস দেড়েক আগে কমিটি পূর্ণাঙ্গ করতে কেন্দ্র থেকে তালিকা চেয়েছিল। আমরা তালিকা পাঠানোর জন্য প্রস্তুত ছিলাম। পরে আমাদের জানানো হয়, জাতীয় সম্মেলনের পর সারা দেশে জেলা ও মহানগর কমিটির ব্যাপারে সিদ্ধান্ত হবে।’
বিএনপির কয়েকজন নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, চট্টগ্রাম মহানগর কমিটি পূর্ণাঙ্গ করতে আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মহানগর কমিটির সাবেক সভাপতি মীর মোহাম্মদ নাছির উদ্দিন এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পৃথকভাবে পছন্দের ব্যক্তিদের তালিকা কেন্দ্রে জমা দিয়েছিলেন। বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনও একাধিকবার কমিটির পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়ে পিছিয়ে যান। তাঁর মৃত্যুর পর বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামও উদ্যোগ নিয়েছিলেন।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘দলের সবাই ঐক্যবদ্ধ থাকলে সরকারবিরোধী আন্দোলন করতে সুবিধা হয়। এসব চিন্তা করে ২০১০ সালে আমি কেন্দ্রে তালিকা দিয়েছিলাম, যেখানে অন্য গ্রুপের নেতা হিসেবে পরিচিত লোকজনও ছিলেন। কিন্তু দেশে অগণতান্ত্রিক পরিবেশের কারণে চট্টগ্রাম মহানগর কমিটি আর পূর্ণাঙ্গ হয়ে ওঠেনি।’
দলের নেতা-কর্মীরা মনে করেন, আমীর খসরু ও শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন কমিটির বড় সাফল্য হলো ২০১০ সালের জুনে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দল-সমর্থিত প্রার্থীকে মেয়র পদে জিতিয়ে আনা। পরে সরকারবিরোধী আন্দোলনে দমন-নিপীড়নের শিকার হন সংগঠনের অনেক নেতা-কর্মী। এতে দলের সাংগঠনিক শক্তি খর্ব হয়েছে বলে মনে করেন তাঁরা। নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন কমিটিতে তেমন বিরোধ নেই। তবে গত বছরের এপ্রিলে অনুষ্ঠিত সিটি নির্বাচনের আগে আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে শাহাদাত হোসেনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। শাহাদাত হোসেন মেয়র পদে প্রার্থী হতে চেয়েছিলেন। নির্বাচনের পরে অবশ্য দুজনের মধ্যে দূরত্ব ঘুচে যায়।
নেতা-কর্মীরা বলছেন, চট্টগ্রাম মহানগর এলাকায় বিএনপির তিনটি অংশ সক্রিয়। একটি অংশের নেতৃত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, অন্যটির আমীর খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন। আরেকটি অংশের নেতা হলেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
নতুন করে নগর কমিটি করা হবে, নাকি আগের কমিটি পূর্ণাঙ্গ করা হবে—এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে জাতীয় কাউন্সিল নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত। জাতীয় কাউন্সিলের পর সারা দেশে বিএনপিকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে।