চার নেতার মতামতই সিদ্ধান্ত, তৃণমূল উপেক্ষিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আট বছর পর আজ শনিবার খেয়াঘাট সড়কের ইসলামি কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত হচ্ছে ভোলা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সম্পাদক পদ নিয়ে চলছে টান টান উত্তেজনা। এ পদে প্রার্থী তিনজন। তৃণমূল নেতা-কর্মীর গোপন ইচ্ছা, নির্বাচন হোক। কিন্তু তা সম্ভবত হচ্ছে না। সব ছাপিয়ে চার নেতার মতামতই প্রাধান্য পাবে। তবুও প্রার্থীরা আছেন প্রচারে। আর তৃণমূল নেতা-কর্মীরা আনন্দে।
জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলাম খান বলেন, সম্পাদক পদে প্রার্থী তিনজন। তাঁরা হলেন বর্তমান জেলা কমিটির যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ ও হুমায়ুন কবীর এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক। সভাপতি পদে বর্তমান সভাপতি গোলাম নবী আলমগীরের বিকল্প কেউ নেই। তাই ওই পদে নির্বাচন হচ্ছে না।
আমিনুল ইসলাম খান আরও বলেন, ‘উপজেলা ও পৌরসভা কমিটির সব সদস্যই ভোটার। যদিও এখানে শুধু সভাপতি ও সম্পাদকের ভোট গ্রহণ করা হবে। আলোচনার ভিত্তিতে সফল হলে ভোটও হবে না। আমরা আলোচনার ভিত্তিতেই সম্মেলন সফল করতে চেষ্টা করছি।’
তিন সম্পাদক প্রার্থীর মধ্যে হারুন-অর-রশিদ ও হুমায়ুন কবীর প্রচারণায় এগিয়ে। অনেকের ধারণা, এ দুজনের একজন হবেন সাধারণ সম্পাদক। এর মধ্যে প্রচারণায় এগিয়ে থাকা হারুন-অর-রশিদ বলেন, ‘কাউন্সিলররা ও চার নেতা আলোচনা করে যা ভালো মনে করবেন, আমি সেটিই মেনে নেব। এখন দলের ক্রান্তিকাল, এ সময় কে মাঠে থাকতে পারবে, কে পারবে না, এটা বোঝার ক্ষমতা জ্যেষ্ঠদের আছে, তাঁরা বিচক্ষণ ও প্রাজ্ঞ। তবুও ভোট চাইছি। কারণ আমি জেলা ছাত্রদলের সভাপতি ও ১৯৮৭ থেকে ২০০৯ সালে পর্যন্ত জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলাম। ২০০৯ সালের ২৪ ডিসেম্বরের সম্মেলনেও আমি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম। তখন দুই ভোটে হেরেছি। কারণ জ্যেষ্ঠরা আমাকে সমর্থন করেননি। এবার প্রেক্ষাপট ভিন্ন।’
এই প্রার্থী আরও বলেন, ‘আমার যাঁরা প্রতিপক্ষ তাঁরা আমার সম্পর্কে বাজে কথা প্রচার করছেন। আমি কখনোই আওয়ামী লীগ কিংবা বিজেপির সঙ্গে আঁতাত করে রাজনীতি করিনি। যদি তা-ই হতো, তবে পৌর নির্বাচনে টাকা খরচ করে মেয়র পদে শেষ পর্যন্ত লড়াই করতাম না। রাজনীতি করতে গিয়ে অনেক জেল-জুলুম সয়েছি। আমার নামে এখনো চারটি মামলা আছে। গত বছর ছাত্রলীগ পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে।’
অপর সম্পাদক পদপ্রার্থী হুমায়ুন কবীর বলেন, ‘আমার অবস্থা ভালো, প্রচারণায় আছি। যেকোনো পদ্ধতিতেই হোক, মেনে নেব।’ তবে তিনি জ্যেষ্ঠ নেতাদের ঐকমত্যের প্রাধান্য দাবি করেন। প্রচারণায় পিছিয়ে থাকা এনামুল হক বলেন, ‘তৃণমূলের নেতারা ভোট দিয়ে যাঁকে নির্বাচিত করবেন, তাঁকেই মেনে নেব। আমি ভোট চাই।’
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মহিবুল্যাহ নাগর বলেন, ‘গত বছর হারুন-অর-রশিদের পাল্লাই ভারী ছিল, এবারও তা-ই হবে।’ তৃণমূলের নেতারা মনেপ্রাণে চান নিজেদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হোক। শুরুতেই কেটে-ছেঁটে কয়েক শ ভোটার থেকে ২৮ জন বাছাই করা হয়েছে। সেটি কমিয়ে চার জ্যেষ্ঠ নেতার ওপর দায়িত্ব দেওয়া হচ্ছে। সেটি ঠিক হয়নি।
এই চার নেতা হলেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাবেক সাংসদ মেজর হাফিজ উদ্দিন আহম্মেদ, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সাংসদ চরফ্যাশন উপজেলা বিএনপির সভাপতি নাজিমউদ্দিন আলম, ভোলা-৩ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীম ও ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।
সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীম বলেন, ‘সাধারণ সম্পাদক তৃণমূল নেতাদের ভোটে হবে, নাকি ঐকমত্যের সিদ্ধান্তে হবে, সেই সিদ্ধান্ত হবে সম্মেলনের দ্বিতীয়ার্ধে। ওই সময় চারজন আলোচনা করে সাধারণ সম্পাদক কাকে করা যায়, সিদ্ধান্ত নেব। ভোলার তৃণমূলের নেতা-কর্মীদের জ্যেষ্ঠদের ওপর আস্থা আছে, তবে ঐকমত্যের সিদ্ধান্ত নেওয়ার আগে তৃণমূলে মতামত জেনে নেব। জ্যেষ্ঠরা যা করবেন, তা দলের ভালোর জন্যই করবেন।’ একই মন্তব্য করেন সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম ও জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।