চার পুরুষ বনাম এক নারী প্রার্থী, জমজমাট প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউপিতে ষষ্ঠ ধাপে ৪ জুন ভোট। এখানে পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছেন জাতীয় পার্টির মনোনীত একমাত্র নারী প্রার্থী সুলতানা আখতার। ছবিটি গতকাল বিকেলে পালপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউপিতে ষষ্ঠ ধাপে ৪ জুন ভোট। এখানে পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছেন জাতীয় পার্টির মনোনীত একমাত্র নারী প্রার্থী সুলতানা আখতার। ছবিটি গতকাল বিকেলে পালপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

ভোটের লড়াইয়ে চারজন পুরুষ। তাঁদের বিপরীতে একজন মাত্র নারী। রংপুর সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে তাই আগ্রহ কিছুটা বেশিই। পাঁচজন প্রার্থীর পদচারণায় জমে উঠেছে প্রচার-প্রচারণা।
মোমিনপুর ইউপিতে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী হলেন সুলতানা আখতার (কল্পনা)। তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। জেলা মহিলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পদে আছেন তিনি। অন্য চার প্রার্থী হলেন আওয়ামী লীগের ইমদাদুল ইসলাম, বিএনপির মোখলেছুর রহমান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ফজলুল হক ও স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল ইসলাম।
ষষ্ঠ ধাপে আগামী ৪ জুন রংপুর সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার ২১ হাজার ৩৭৩ জন। নারী (১০ হাজার ৫৩১ জন) ও পুরুষ (১০ হাজার ৮৪৫ জন) ভোটার সংখ্যা প্রায় সমান।
তাই ইউনিয়নের নারী ভোটাররা মুখ তুলে তাকালে নিজের নিশ্চিত বিজয় দেখছেন সুলতানা। বিষয়টি মাথায় রেখেই নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। দলীয় ভোটব্যাংকের পাশাপাশি নারী ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গতকাল বুধবার সুলতানাকে ইউনিয়নের ঠাকুরপাড়া, খারুবাঁধ ও পালপাড়া এলাকায় গণসংযোগ করতে দেখা গেল।
চারজন পুরুষ পদপ্রার্থীও এখন প্রতিনিয়ত ভোটারদের মুখোমুখি হচ্ছেন। প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ইউপিতে নারী-পুরুষ নির্বিশেষে সব প্রার্থীর মধ্যে রয়েছে হৃদ্যতাপূর্ণ পরিবেশ। কেউ কারও বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য বা কটূক্তি করছেন না।
ঠাকুরপাড়ার ভোটার কৃষক শমসের মিয়া বলেন, ‘এবার বলা যাইতোছে না কায় জেতবে। তবে এলাকার যায় উন্নতি করার জন্য কাজ করবেন বলে মনে করি, হামরাগুলা তাঁকে ভোট দেমো।’
নারীদের উন্নয়নে কাজ করার ইচ্ছা ব্যক্ত করে জাতীয় পার্টির প্রার্থী সুলতানা বলেন, ‘নারীরা এগিয়ে যাচ্ছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা অবদান রাখছে। গ্রামপর্যায়ে নারীদের উন্নয়নে কাজ করার ইচ্ছে আছে। নারী হিসেবে নারীদের ব্যাপক সাড়াও পাচ্ছি।’
আওয়ামী লীগের প্রার্থী ইমদাদুল ইসলাম বলেন, ‘নারী-পুরুষের সমতা নিয়ে গ্রামে সমাজসেবামূলক নানা কাজ করার অঙ্গীকার করছি।’ বিএনপির প্রার্থী মোখলেছুর রহমান বলেন, শুধু ভোটের রাজনীতি নয়, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আন্দোলনে যুবকদের নিয়ে কাজ করার ইচ্ছা তাঁর।