খুলনা মহানগর ছাত্রদলের কমিটি চার বছরেও পূর্ণাঙ্গ হয়নি। নগরের কলেজ কমিটিগুলোরও একই অবস্থা। এ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দলের একাধিক নেতা-কর্মী জানান, ২০১০ সালের ৭ ডিসেম্বর আরিফুজ্জামানকে সভাপতি ও এস এম কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে খুলনা মহানগর ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। পরে কমিটিতে আরও দুজনকে অন্তর্ভুক্ত করা হয়। সাত সদস্যের এ কমিটি তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেওয়ার কথা থাকলেও তা হয়নি।
কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহেল কাফি, সহসভাপতি মিজানুর রহমান, সহসভাপতি নাহিদ আল মামুন, যুগ্ম সম্পাদক রিয়াজ সাহেদ ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। এর মধ্যে ২০১১ সালের ২ মে বর্ধিত সভায় মহানগরের থানা ও কলেজ কমিটি ভেঙে দেওয়া হয়। এর তিন বছর পর চলতি বছরের ৬ জুলাই মহানগর ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠানের দিন রাতেই তড়িঘড়ি করে নগরের সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা এবং পলিটেকনিক কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, মহাসিন কলেজ ও আযম খান সরকারি কমার্স কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এ ঘটনায় বিক্ষোভ শুরু করেন ছাত্রদলের একাংশের নেতারা। গত ৮ জুলাই খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা মিজানুর রহমান ও মশিউর রহমান অভিযোগ করেন, সভাপতি ও সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে পকেট কমিটি গঠন করেছেন। কমিটি গঠনের ক্ষেত্রে কারও মতামত নেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে ৯ জুলাই কেন্দ্রীয় কমিটি ওই কমিটিগুলো স্থগিত করে দেয়।
নগরের মজিদ মেমোরিয়াল (সিটি) কলেজের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ‘আজ পর্যন্ত তাঁরা মহানগর ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি। তা ছাড়া, সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের ইচ্ছামতো কলেজ কমিটি করছেন। এ নিয়ে আমরা আন্দোলন করছি। কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় যারা দলের জন্য সময় ও শ্রম দিয়েছেন, তাঁরা কোনো পদ পাচ্ছেন না। এর ফলে নেতা-কর্মীরা দল থেকে ছিটকে পড়ছেন। দলের প্রতি তাঁদের আগ্রহও কমে যাচ্ছে। এ অবস্থায় নতুন কমিটির কোনো বিকল্প নেই।’
খুলনা সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘চার বছরেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি। এই কমিটির তেমন কোনো কার্যক্রমও নেই। চার বছরে তাঁরা একটিও বর্ধিত সভা করেননি। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেও যাননি।’
মহানগর ছাত্রদলের সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, ‘আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি করেছিলাম। কিন্তু কিছু জটিলতার কারণে সেটি আর অনুমোদন পায়নি। এখন নগরের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোর কমিটি করে কেন্দ্রে পাঠিয়েছি। যারা কমিটিতে পদ পাননি তাঁরা আন্দোলন করছেন। আশা করছি দ্রুত কমিটিগুলো অনুমোদন পাবে।’
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘ছাত্রদলকে সংগঠিত করার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু তাদের কোন্দলের কারণে তা সম্ভব হচ্ছে না।’
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরাম হাসান প্রথম আলোকে বলেন, ঢাকার কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে কমিটি গঠনের কাজ চলছে। এর পর খুলনার কাজ শুরু হবে।