চার বিদ্রোহীকে নিয়ে বিপাকে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে চারটিতে বিদ্রোহী প্রার্থী থাকায় বিপাকে পড়েছে বিএনপি। ৭ মে এখানকার ছয়টি ইউপির মধ্যে পাঁচটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সীমানা নিয়ে জটিলতার কারণে বলরামপুরে নির্বাচন স্থগিত রয়েছে।
বিএনপির স্থানীয় সূত্র জানায়, দলটির অনেক নেতা-কর্মী প্রকাশ্যে ও গোপনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর হয়ে কাজ করছেন। দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নেমেছেন তাঁরা।
ধামোর ইউপিতে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবদলের সভাপতি কে এম নজরুল ইসলাম। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান জালালউদ্দীন।
বিদ্রোহী প্রার্থী জালালউদ্দীন বলেন, ‘মাঠের অবস্থা বিবেচনা না করেই দল মনোনয়ন দিয়েছে। দলীয় নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের অনুরোধে প্রার্থী হয়েছি। আশা করছি, ভোটাররা আমাকেই নির্বাচিত করবেন।’
দলীয় প্রার্থী কে এম নজরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং তাঁদের সমর্থকেরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। ভোট ডাকাতি না হলে ভোটাররা আমাকেই নির্বাচিত করবেন।’
মির্জাপুরে দলের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষক দলের সভাপতি আবদুস সামাদ আজাদ। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মির্জা নুরুল ইসলাম। তিনি বলেন, ‘আমি দলীয় মনোনয়ন চেয়েও পাইনি। এর আগে একটানা ১৫ বছর চেয়ারম্যান ছিলাম। দলীয় নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের অনুরোধে প্রার্থী হয়েছি। আশা করছি, ভোটাররা এবার আমার পক্ষেই রায় দেবেন।’
তড়েয়ায় দলের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফকরুল আলম। এখানে বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম। রাধানগরে দলীয় প্রার্থী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা যুবদলের সদস্য জহিরুল ইসলাম। আলোয়াখোয়া ইউপিতে বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।
ধামোর ইউপির সমিরউদ্দিন স্কুল মোড়ের পান দোকানদার সোহেল রানা বলেন, বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় সমর্থকেরা সমস্যায় পড়েছেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, ‘বিদ্রোহীরা মাঠে থাকায় দলীয় প্রার্থীরা বিপাকে পড়েছেন। এতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে কেন্দ্র থেকে এখনো নির্দেশনা পাওয়া যায়নি।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, পাঁচটি ইউপিতে চেয়ারম্যান পদে ১৮, সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্যপদে ৪৫ এবং সাধারণ সদস্যপদে ১৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচটি ইউপির ৪৫টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৭৮ হাজার ৮২৬ জন। এর মধ্যে পুরুষ ৩৯ হাজার ৪৭৭ ও নারী ৩৯ হাজার ৩৪৯।