চার মেয়র পদপ্রার্থীই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী চারজনই ব্যবসায়ী। নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন আকন্দ ইটভাটার মালিক। তাঁর মালিকানাধীন মেসার্স সিদ্দিক ট্রেডিং (সেতু ব্রিকস) থেকে বাৎসরিক আয় এক লাখ টাকা। স্বশিক্ষিত এই প্রার্থীর নামে নগদ রয়েছে ২ লাখ ৭৫ হাজার টাকা, পাঁচ একর কৃষিজমি, ৯২ শতক অকৃষিজমি, একটি টিনশেড বাড়ি, দুটি রঙিন টিভি, একটি ফ্রিজ, পাঁচটি খাট, দুটি করে সোফাসেট ও ড্রেসিং টেবিল এবং একটি করে ট্রাক, ট্রাক্টর ও মোটরসাইকেল। তাঁর স্ত্রীর নামে পাঁচ ভরি সোনা, ৫০ শতক কৃষিজমি এবং তাঁর ওপর নির্ভরশীলদের নামে আছে ৪০ শতক কৃষিজমি।
আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল পাঠান এসএসসি পাস। ঠিকাদারি ব্যবসায়ী এই প্রার্থীর বার্ষিক আয় ৩ লাখ ৬১ হাজার ২৫০ টাকা। তাঁর নগদ আছে দুই লাখ টাকা। এ ছাড়া ব্যাংকে ৩৫ হাজার টাকা, ২০ হাজার টাকা মূল্যের সোনা, ৫০ হাজার টাকার আসবাবপত্র ও ব্যবসার পুঁজি। তাঁর নামে বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলদীঘি মৌজায় ১১ লাখ টাকা মূল্যের ৫ দশমিক ২৫ শতক কৃষিজমি, একটি সেমিপাকা বাড়ি ও তাঁর স্ত্রীর নামে একটি রঙিন টেলিভিশন আছে।
পেশায় ব্যবসায়ী বিএনপির প্রার্থী রায়গঞ্জ পৌরসভার প্রথম প্রশাসক নূর সাইদ সরকার এইচএসসি পাস। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় দুই লাখ টাকা। তাঁর নগদ আছে ৫০ হাজার টাকা, ব্যাংকে আছে চার লাখ টাকা, ১৫ হাজার টাকা মূল্যের পাঁচ ভরি সোনা নিজের নামে এবং স্ত্রীর নামে আছে পাঁচ ভরি সোনা। ১০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক সামগ্রী, ১০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র এবং ব্যবসার পুঁজি (মূলধনের জের) আছে ১৩ লাখ টাকা। ছয় শতক অকৃষিজমি ও এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের সেমিপাকা টিনশেড বাড়ি আছে তাঁর। তাঁর নামে কোনো দায়-দেনা নেই।
স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম স্বশিক্ষিত। পেশায় ব্যবসায়ী এই প্রার্থীর বাৎসরিক আয় দুই লাখ টাকা। তাঁর নগদ আছে এক লাখ টাকা, ব্যাংকে ১০ বছর মেয়াদি ৫০ হাজার টাকার একটি ডিপিএস আছে। তাঁর নামে দুই লাখ টাকা মূল্যের পাঁচ ভরি সোনা, এক লাখ টাকা মূল্যের আসবাব, এক লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক সামগ্রী ও ব্যবসার পুঁজি ৪ লাখ ২৮ হাজার টাকা। যৌথ মালিকানায় তাঁর আছে কৃষিজমি আট বিঘা, অকৃষিজমি আট শতক। পিতার তৈরি আধাপাকা এজমালি বাড়িতে তিনি বাস করেন।