চার মেয়র প্রার্থীর তিনজনই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নির্বাচনে চার মেয়র প্রার্থীর মধ্যে তিনজনই ব্যবসায়ী। এক প্রার্থীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা হলেও পরে সেটি প্রত্যাহার করা হয়। অন্য এক প্রার্থী বিচারিক হাকিম আদালতের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় প্রার্থীরা এসব তথ্য উল্লেখ করেছেন।
এই পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম সফি আহমদ, বিএনপির প্রার্থী বর্তমান মেয়র কামাল উদ্দীন আহমদ, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শফি আলম ইউনুছ ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. মুহিবুর রহমান।
প্রার্থীদের হলফনামায় দেখা গেছে, সফি আহমদের ‘মেসার্স আহমদ কনস্ট্রাকশন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। তিনি এমএ পাস। ব্যবসা থেকে বছরে তাঁর আয় ১৩ লাখ ৭৮ হাজার টাকা। নিজের নামে একটি বাড়ি, তিন একর কৃষিজমি, ৩০ শতক অকৃষিজমি ও তিনটি দালান রয়েছে। কৃষি খাত থেকে তিনি বছরে ১০ হাজার ও বাড়িভাড়া থেকে ১ লাখ ২০ হাজার টাকা আয় করেন। ব্যাংকে নিজের নামে ২ লাখ ৭৫ হাজার টাকা ও স্ত্রীর নামে ৫০ হাজার টাকা জমা আছে। তিনটি ব্যক্তিগত গাড়ির মালিক তিনি। ২০০৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে তাঁর বিরুদ্ধে একটি মামলা হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সেটি প্রত্যাহার করে নেওয়া হয়।
বিএনপির প্রার্থী কামাল উদ্দিন হলফনামায় তাঁর পেশা ‘কৃষি’ উল্লেখ করেছেন। তিনি এইচএসসি পাস। নিজের নামে ৩৬ শতক, স্ত্রীর নামে ৫ শতক, নির্ভরশীলদের নামে ৯ শতক ও যৌথ মালিকানায় ৬১ শতক জমি আছে। কৃষি খাত থেকে বছরে আয় হয় ৫০ হাজার টাকা। এ ছাড়া বাড়িভাড়া থেকে বছরে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংক আমানত থেকে ১ লাখ ২০ হাজার টাকা আয় করেন। ব্যাংকে তাঁর ২৮ লাখ ৮০ হাজার টাকা জমা আছে। স্ত্রীর নামে ব্যাংকে জমা আছে ৬৩ হাজার টাকা। যৌথ মালিকানায় একটি বাড়ি আছে। মৌলভীবাজারের বিচারিক হাকিমের আদালতে তাঁর বিরুদ্ধে করা একটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শফি আলম ইউনুছ অন্য প্রার্থীদের চেয়ে সম্পদশালী। হলফনামায় তিনি শিক্ষাগত যোগ্যতা ‘অক্ষরসম্পন্ন’ উল্লেখ করেছেন। তাঁর পেশা ব্যবসা। ইটভাটা, পরিবহনসহ আরও কিছু ব্যবসা রয়েছে। এসব ব্যবসা থেকে বছরে তাঁর আয় ৪৩ লাখ ৯৪ হাজার ৬৯০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া থেকে ৫ লাখ ৭২ হাজার ৮৮০ টাকা, ব্যাংক আমানত থেকে ২০ লাখ টাকা ও কৃষি খাত থেকে ৬০ হাজার টাকা আয় করেন। ব্যাংকে তাঁর ১ কোটি ৭০ লাখ টাকা জমা আছে। নগদ টাকা আছে ১ কোটি ৫৫ লাখ ২৪ হাজার ৯০৪ টাকা। স্ত্রীর নামে ১৫ ভরি স্বর্ণালংকার আছে। ছয়টি ট্রাক, একটি জিপ ও একটি মোটরসাইকেলের মালিক তিনি। তাঁর একটি হাতিও আছে। নিজের নামে ৩০ শতক কৃষিজমি, দুটি দালান ও ৪২ শতকের বাড়ি আছে। তবে ব্যাংকে ১ কোটি ৩০ লাখ টাকা নিজের নামে ঋণ আছে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।
জাপার প্রার্থী মুহিবুর রহমানের শিক্ষাগত যোগ্যতা এসএসসি। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসা থেকে বছরে আয় ২ লাখ ২০ হাজার টাকা। নিজের নামে ৩০ শতক কৃষিজমি ও ২১ শতকের একটি বাড়ি আছে। ব্যাংকে এক লাখ টাকা জমা
আছে। তাঁর বিরুদ্ধেও কোনো মামলা নেই।