চারঘাটে এবার আ.লীগের নেতা কর্মীরা বিএনপিতে
রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, একজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের প্রায় অর্ধশত নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। একই এলাকায় গত ২ জুলাই বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদানের ঘটনা ব্যাপক আলোচিত হয়েছিল।
গতকাল সোমবার বিকেলে উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের ঈদগাহ মাঠে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ এতে সভাপতিত্ব করেন। তাঁর হাত থেকে ফুলের তোড়া নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা খাতুন, নিমপাড়া ইউপির চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আবদুল কুদ্দুসসহ ইউনিয়ন আওয়ামী লীগের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে আবদুল কুদ্দুস বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জনগণের এক পয়সার উপকার করতে পারিনি। আওয়ামী লীগের লোকজন মানুষের কোনো উপকার করে না। তাদের কারণে সরকারি দলে থেকেও আমি মানুষের উপকার করতে পারিনি।’ তিনি আরও জানান, বিএনপিতে যোগ দিয়ে তিনি মানুষের দাবিদাওয়া নিয়ে আন্দোলন করবেন।
তহমিনা খাতুন জানান, তিনি আগে বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন। বিএনপির সমর্থন নিয়েই তিনি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছিলেন। একটা ভুল বোঝাবুঝির কারণে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। দলটিতে যোগদানের পর তাঁর সেই ভুল ভেঙে গেছে। তাই তিনি আবার নিজ দলে ফিরে এসেছেন।
আবু সাঈদ বলেন, বিএনপি আবার রাজপথে নামবে। বিএনপি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে। গত নয় বছরে বিএনপির ওপর নানা অত্যাচার, জুলুম করা হয়েছে। তারা বিএনপিকে ধ্বংস করতে পারেনি। দলের নেতা-কর্মীরা মাঠে নামলে পুলিশ মাঠে থাকতে পারবে না।
অনুষ্ঠানে চারঘাট থানা বিএনপির সহসভাপতি আকবর হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি কয়েস উদ্দিন সরদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ইউশা সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।