চারঘাটে র্যাব পরিচয়ে আ.লীগ নেতাকে নির্যাতনের অভিযোগ
রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সরকারকে র্যা ব পরিচয়ে কয়েকজন লোক তুলে নেওয়ার পর মারধর করে রাজশাহী নগরের মতিহার থানা এলাকায় আশঙ্কাজনক অবস্থায় ফেলে গেছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যা ব-৫-এর অপারেশন কর্মকর্তা শ্যামল চৌধুরী বলেন, তাঁরা এ বিষয়ে কিছু জানেন না। র্যা ব কোথাও গেলে মাইক্রোবাস নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দার বরাত দিয়ে শাহনেওয়াজের চাচাতো ভাই মোস্তাক আহমেদ বলেন, গতকাল বুধবার বিকেল চারটার দিকে টাঙ্গন গ্রামের নদীর ধারে রেজাউল হক (৪৫) নামের এক ব্যক্তিকে র্যা বের কটি পরা কয়েকজন মারধর করছিলেন। সেখানে গিয়ে শাহনেওয়াজ সরকার নিজের রাজনৈতিক পরিচয় দিয়ে রেজাউলকে মারধর না করার অনুরোধ করেন। এ সময় ওই ব্যক্তিরা রেজাউলকে রেখে শাহনেওয়াজকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁরা রেজাউলকে ফেলে শাহনেওয়াজকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তাঁকে মতিহার থানার গুয়াবাসিনা এলাকার রাস্তায় ফেলে যান।
গতকাল রাত পৌনে ১১টার দিকে মোস্তাক আহমেদ বলেন, ‘শাহনেওয়াজ সরকার অচেতন অবস্থায় রয়েছেন। শুধু তাকাচ্ছেন। ডাকলে জবাব দিচ্ছেন না। র্যা বের কটি পরা লোকজন পাঁচটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে গিয়েছিলেন। তাঁদের হাতে অস্ত্র ও হাতকড়া ছিল।’