চারটি ইউনিটে পাল্টা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় জেলা বিএনপির চারটি ইউনিটের পাল্টাপাল্টি কমিটি ঘোষণার মাধ্যমে দুই পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। গতকাল রোববার প্রেসক্লাব মিলনায়তনে একটি পক্ষ সদর উপজেলা, পৌর শাখা, শ্রীপুর উপজেলা ও দক্ষিণ মাগুরা ইউনিটের কমিটি ঘোষণা করেছে। এর আগে গত ডিসেম্বরে আরেক পক্ষ ওই চারটি ইউনিটের কমিটি গঠন করেছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেস আলী। অন্য পক্ষের নেতৃত্বে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিম।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোকাদ্দেস আলী গতকাল দুপুরে চারটি ইউনিটের পাল্টা কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইয়ুব হোসেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য আলী আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাফ্ফর হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম জোয়ারদার, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস, জেলা কমিটির সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপিকে গতিশীল করার জন্য গত বছর নভেম্বরে কেন্দ্রীয় কমিটি সৈয়দ আলী করীমকে আহ্বায়ক ও সৈয়দ মোকাদ্দেস আলীকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করে ১৭৬ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আহ্বায়ক সৈয়দ আলী করিম কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক প্রক্রিয়ায় বিভিন্ন ইউনিট কমিটি গঠন করার কথা। কিন্তু তিনি কারও সঙ্গে আলোচনা না করেই নিজ বাড়িতে বসে গত ডিসেম্বরে বিভিন্ন ইউনিটের কমিটি করেছেন। এই কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা স্থান পাননি। সুবিধাবাদীদের নিয়ে কমিটি গঠন করায় তাঁরা পাল্টা কমিটি ঘোষণা করছেন।

গতকাল সদর উপজেলায় মিহির কান্তি বিশ্বাসকে, পৌর শাখায় আয়ুব হোসেনকে, মাগুরা দক্ষিণ ইউনিটে রেজাউল আলম ও শ্রীপুর উপজেলা ইউনিটে আশরাফুল ইসলামকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

এর আগে জেলা কমিটির আহ্বায়ক এই চারটি ইউনিটসহ ছয়টি আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। এর মধ্যে সদর উপজেলায় কুতুব উদ্দিন, পৌর শাখায় ফারুক আহম্মদ, দক্ষিণ মাগুরায় শেখ শফিকুল ইসলাম ও শ্রীপুরে বদরুল আলমকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মোহাম্মদপুর উপজেলায় অধ্যক্ষ মতিউর রহমান ও শালিখা উপজেলায় সাইফুল ইসলামকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ আলী করিম বলেন, জেলা বিএনপির প্রতিটি কমিটিই সাংগঠনিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে। তৃণমূল নেতা-কর্মীদের পছন্দমাফিক নেতা নির্বাচন করা হয়েছে। কেন্দ্র থেকেও এগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশ্ন তুলে একটি পক্ষ দলকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে।