চারটির কোনোটিই ধরে রাখতে পারেনি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলার চার পৌরসভা থেকে বিদায়ের পথে বিএনপির চার মেয়র। গত বুধবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি পৌরসভার কোনোটিতেই জিততে পারেননি বিএনপির মেয়র প্রার্থীরা। তিনটিতে আওয়ামী লীগ এবং একটিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মেয়র পদে জয়লাভ করেছেন। নির্বাচিত চারজনই নতুন মুখ।
মৌলভীবাজার পৌরসভায় মেয়র পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগের মো. ফজলুর রহমান, কমলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের জুয়েল আহমদ, বড়লেখায় আওয়ামী লীগের আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবং কুলাউড়ায় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শফি আলম ইউনুছ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলায় পাঁচটি পৌরসভার বর্তমান মেয়রদের সবাই বিএনপি দলীয়। গত বুধবার এই পাঁচটি পৌরসভার মধ্যে শ্রীমঙ্গল ছাড়া মৌলভীবাজার, কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখা পৌরসভায় নির্বাচন হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার পৌরসভার বর্তমান মেয়র হচ্ছেন বিএনপি নেতা ফয়জুল করিম, কমলগঞ্জে আবু ইব্রাহীম জমশেদ, কুলাউড়ায় কামাল উদ্দিন আহমদ ও বড়লেখায় মো. ফখরুল ইসলাম। এঁদের মধ্যে বড়লেখা ও মৌলভীবাজার পৌরসভার বর্তমান দুই মেয়র এবার প্রার্থী হননি। কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র প্রার্থী হয়েছিলেন। নির্বাচনে তাঁরা দুজনই পরাজিত হয়েছেন। কুলাউড়ায় বিএনপির প্রার্থী বর্তমান মেয়র ৫৬ ভোটে হেরে গেছেন। কমলগঞ্জে বিএনপির প্রার্থী হয়েছেন তৃতীয়। মৌলভীবাজারে বিএনপি প্রার্থী হয়েছিলেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা অলিউর রহমান। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। বড়লেখায় বিএনপির মেয়র পদে প্রার্থী হয়েছিলেন আনোয়ারুল ইসলাম। তিনি হয়েছেন তৃতীয়।
কুলাউড়া আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম সফি আহমদ তৃতীয় হয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর কাছে তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের কিছু স্থানীয় নেতা ও প্রশাসন পরিকল্পিতভাবে তাঁকে হারিয়েছে।
স্থানীয় লোকজন ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড়লেখা পৌরসভায় প্রার্থী নতুন হওয়ায় ভোটারদের মধ্যে তেমন প্রভাব ফেলতে পারেননি। এ ছাড়া বিএনপি কর্মীদের অনেকের ওপর মামলা থাকায় ভয়ে প্রার্থীর পক্ষে তৎপর তাঁরা হননি। অন্যদিকে বড়লেখা পৌরসভায় জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ছিলেন খিজির আহমদ। খিজির আহমদ দ্বিতীয় হয়েছেন। রাজনৈতিকভাবে বিএনপি ও জামায়াতে ইসলামীর কাছাকাছি চিন্তাধারার ভোট হওয়ায় ধানের শীষ তেমন ভোট টানতে পারেনি।
বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান অভিযোগ করেন, বেলা দুইটার আগ পর্যন্ত পৌরসভার সব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু দুইটার পর হিমাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাখিয়ালা আলিয়া মাদ্রাসা, বড়লেখা ডিগ্রি কলেজ ও সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর জাল ভোট দেওয়া হয়েছে। এ কারণে বিএনপির ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেননি।
কমলগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র আবু ইব্রাহীম জমশেদ বিএনপির প্রার্থী ছিলেন। কিন্তু এখানে সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা হাছিন আফরোজ চৌধুরী বিদ্রোহী প্রার্থী হন। এতে বিএনপির ভোট ভাগাভাগি হয়েছে। বিএনপির নেতা-কর্মীরাও বিভক্ত ছিলেন। এটা নির্বাচনে প্রভাব ফেলেছে।
মৌলভীবাজার পৌরসভায় বিএনপি প্রার্থী অলিউর রহমান শেষ পর্যন্ত মাঠে থাকলেও পৌরসভার ১৪টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে হামলা ও দখলের অভিযোগ আনা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান গত বুধবার রাতে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ তুলে মৌলভীবাজার পৌরসভার ১১টি কেন্দ্রের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমলগঞ্জ ও কুলাউড়া পৌরসভায় ভোট নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বড়লেখা পৌরসভায় তিনটি কেন্দ্র দখল করা হয়েছে।