চাল ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবীর রিজভী। প্রথম আলো ফাইল ছবি
রুহুল কবীর রিজভী। প্রথম আলো ফাইল ছবি

দেশে চালের পর্যাপ্ত মজুত আছে বলে সরকারের মন্ত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রশ্ন, তাহলে বাজারে চালের দাম বাড়ছে কেন?
আজ মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীরা বলছেন, কোটি কোটি টন চালের মজুত আছে। আমাদের প্রশ্ন, তাহলে চালের বাজারে অস্থিরতা কমছে না কেন? বর্তমানে চালের দাম সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মোটা চালের দাম এখন ৫৫ টাকা এবং মিনিকেট বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা পর্যন্ত।
বিএনপির এই নেতার দাবি, যে মজুত থাকার কথা ছিল, তার অর্ধেক চালও নেই। ’৭৪ সালের মতো ভয়াল দুর্ভিক্ষ চারদিক থেকে ধেয়ে আসছে। এ জন্য সবাই আতঙ্কিত। তাঁর দাবি, অভিযানের নামে চাল ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
রিজভী বলেন, ‘মজুতদারি সিন্ডিকেট তো সম্পূর্ণ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। তারাই দীর্ঘ নয় বছর যাবৎ সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করছে।’
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, মীর সরাফত আলী, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আবদুল আউয়াল খান, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।