চালনায় মেয়র প্রার্থীর মৃত্যুতে স্থগিত ফল আজ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার চালনা পৌরসভা নির্বাচনে ভোটের চিত্র
ফাইল ছবি

চালনা পৌরসভা নির্বাচনে ভোট শেষ হওয়ার কিছু আগে বিএনপির মেয়র প্রার্থীর মৃত্যু হওয়ায় গতকাল সোমবার মেয়র পদের ফল স্থগিত করা হয়েছিল। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা মোতাবেক মেয়র পদের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, চালনা পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী সনত কুমার বিশ্বাস।

চালনা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই ফলাফল ঘোষণা করেছেন।

চালনা পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং দাকোপ উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ২৮ ডিসেম্বর চালনা পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী মো. আবুল খয়ের খান মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন সচিবালয়ের মৌখিক নির্দেশে মেয়র পদের ফলাফল স্থগিত করা হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের ২৯ ডিসেম্বরের এক পত্রের নির্দেশনা মোতাবেক মেয়র পদে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সনত কুমার বিশ্বাস ৬ হাজার ৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিন্দ্বন্দ্বী জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল পেয়েছেন ২ হাজার ৫১৫ ভোট। বিএনপির প্রার্থী সদ্য প্রয়াত মো. আবুল খয়ের খান ভোট পান ৬০৩টি। অন্য স্বতন্ত্র প্রার্থী গৌতম কুমার রায় নারকেলগাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৬৮টি।

গতকাল সোমবার পৌনে দুইটার দিকে নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি। দাকোপ উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের এই ঘোষণা দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান। এর দেড় ঘণ্টা পরই বিএনপি প্রার্থীর মৃত্যুর খবর আসে।

এদিকে আবুল খয়ের খানের তিনটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার প্রথম জানাজা সকাল ১০টায় চালনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, দ্বিতীয় জানাজা উপজেলা হেডকোয়ার্টার জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরহুমের নিজ গ্রামের বাড়ি আনন্দনগরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।