চট্টগ্রামের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা না হলে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন বিএনপির নেতারা। লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল বুধবার চট্টগ্রামের আগ্রাবাদে বিদ্যুৎ ভবন ঘেরাও ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।
এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।
শাহাদাৎ হোসেন বলেন, দেশে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও চট্টগ্রামবাসী পাচ্ছে মাত্র ৫০০ থেকে ৫৫০ মেগাওয়াট। কিন্তু ছোট-বড় শিল্পকারখানার জন্য চট্টগ্রামে ৮০০ থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে।
আবু সুফিয়ান বলেন, জাতীয় অর্থনীতিতে চট্টগ্রামের গুরুত্ব বিবেচনা করে লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ অঞ্চল থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে না নেওয়ারও দাবি জানান তিনি।
সমাবেশে বক্তৃতা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. আলী, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলম, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপ্তি, বিএনপির নেতা জয়নাল আবেদীন জিয়া, মো. সালাউদ্দিন, সৌরভ হোসেন প্রমুখ।