চায় বিএনপি ও জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল মন্ত্রিপরিষদ ও দল থেকে অব্যাহতি নয়, আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করে বিএনপি ও জাতীয় পার্টি (জাপা)। গতকাল রোববার দুটি দলের শীর্ষ নেতারা তাঁদের নিজ নিজ দলের এই অবস্থানের কথা জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, লতিফ সিদ্দিকী হজ, মহানবী (সা.) সম্পর্কে যে ধরনের কটূক্তি করেছেন, তাতে তাঁকে কেবল মন্ত্রিসভা বা দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়াই শেষ কথা হতে পারে না। তাঁর বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করা দরকার। দেশে ফিরিয়ে এনে শান্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
বিএনপির এই নেতা বলেন, লতিফ সিদ্দিকীর বক্তব্যের দায় থেকে সরকার নিজেকে দূরে রাখতে পারে না। এই বক্তব্যের দায় সরকারকেই নিতে হবে। এমন বক্তব্যের পরও সরকারের পক্ষ থেকে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি। অথচ দেখা গেছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় মামলা হয়েছে, শাস্তি হয়েছে এমন নজিরও আছে।
তবে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সন্তোষ প্রকাশ করেছে। কিন্তু তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ায় দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ হতাশা প্রকাশ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ লতিফ সিদ্দিকীকে দল ও মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার জন্য। জাতীয় পার্টি শুরু থেকে এই দাবি করে আসছে। তবে তাঁদের দলের দাবি, আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ থাকলে সরকার যেন লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করে।
নিউইয়র্কে হজ সম্পর্কে কটূক্তি করার পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করেন। এখনো এই দাবি করেন কি না এমন প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন বলেন, ‘আমরা চাই লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। দলের চেয়ারম্যানও সে কথা বলেছেন।’