
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সন্ত্রাস, নৈরাজ্য, পেট্রলবোমাসহ সব অরাজনৈতিক কর্মকাণ্ড প্রত্যাহার করার আহ্বান জানিয়ে গতকাল বুধবার স্মারকলিপি দিয়েছেন চার চিকিৎসক সাংসদ। এ সময় চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খানের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়।
প্রত্যক্ষদর্শীরা জনান, বেলা একটার দিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাংসদ আ ফ ম রুহুল হকের নেতৃত্বে ১০ জনের একটি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ফটকে যান স্মারকলিপি নিয়ে। এঁদের মধ্যে তিনজন চিকিৎসক সাংসদ ইউনুস আলী সরকার, হাবিবে মিল্লাত ও এনামুর রহমান ছিলেন। এ সময় ফটকের ভেতরে দাঁড়িয়ে ছিলেন শাইরুল কবির খান। তাঁকে উদ্দেশ করে সাংসদ হাবিবে মিল্লাত বলেন, অবরোধ-হরতালের নামে সন্ত্রাস, পেট্রলবোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির নেত্রীকে স্মারকলিপি দিতে এসেছেন।
শাইরুল কবির প্রতিনিধিদলকে বলেন, ‘আপনারা বার্ন ইউনিটের কথা বলেছেন, আপনারা কি পঙ্গু হাসপাতালে গেছেন? এই স্মারকলিপি কি প্রধানমন্ত্রীকে দিয়েছেন?’
জবাবে হাবিবে মিল্লাত বলেন, ‘যাঁরা হরতাল-অবরোধের নামে নৈরাজ্য করছে, আমরা তাঁদের কাছে এসেছি।’ এর জবাবে শাইরুল কবির বলেন, ‘আপনারা শুধু এখানে নাটক করতে আসেন। এটা দুঃখজনক। এমন একটি স্মারকলিপি প্রধানমন্ত্রীকেও দিয়ে আসেন।’
হাবিবে মিল্লাত উচ্চ স্বরে বলেন, ‘আমরা চিকিৎসকেরা মানুষের সেবা করি। হরতাল-অবরোধের নামে যাতে আর কোনো নিরীহ মানুষের মৃত্যু না হয়, অরাজকতা না হয়, তার দাবি নিয়ে এখানে এসেছি। এ বিষয়ে আমরা সংসদে কথা বলেছি।’ তখন শায়রুল কবির বলেন, ‘ছোট জায়গা, আস্তে কথা বললেও শোনা যায়।’
তখন চিকিৎসকদের সঙ্গে আসা এক ব্যক্তি চিৎকার করে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেব, তবে তা আপনাদের দমন করতে।’ পরে শায়রুল কবির স্মারকলিপি গ্রহণ করলে সাংসদেরা চলে যান।
পরে রুহুল হক সাংবাদিকদের বলেন, ‘তারা (বিএনপি) দাবি করছে, সন্ত্রাস-নাশকতা করছে না। তাহলে কারা এসব করছে? আমরা
বলেছি, আপনারা কর্মসূচি প্রত্যাহার করুন, তারপর দেখব কারা এসব করছে।’
এ সময় সাংসদ ইউনুস আলী বলেন, ‘আমরা ২৪ ঘণ্টার মধ্যে কর্মসূচি প্রত্যাহার করতে বলেছি। তা না হলে আমরা প্রতিবাদ না, প্রতিরোধ করব।’