সুচিকিৎসার অভাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আট নেতা কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন। তিনি বলেন, অসুস্থ অন্য নেতারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, আবদুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আসাদুজ্জামান বলেন, ‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, কারারুদ্ধ বিএনপির নেতাদের অনেকেই বারবার রিমান্ডে নেওয়া ও কারাগারে সুচিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। সুস্থ অবস্থায় গ্রেপ্তার হলেও নেতাদের কেউ কেউ কারাগার থেকে লাশ হয়ে ফিরছেন। কেউ হুইলচেয়ারে করে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। অন্যরা রোগযন্ত্রণায় কারাগারে কাতর হয়ে পড়ছেন।’ তিনি অভিযোগ করেন, রাজশাহী কারাগারে বন্দী অবস্থায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর মৃত্যু চিকিৎসার অভাবে হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব হৃদ্রোগ, ডায়াবেটিকস, আর্টারিতে ব্লকসহ নানা জটিল রোগে অসুস্থ অবস্থায় পাঁচ মাস ধরে কারাগারে রয়েছেন। আমরা দেখেছি, তাঁকে হুইলচেয়ারে বসিয়ে হাসপাতালে আনা হয়েছে।