চীনকে কাছের বন্ধু বললেন আশরাফ
চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীরে নিয়ে যেতে চায় সরকার। চীন অত্যন্ত কাছের বন্ধু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তাঁর মতে, চীনের সঙ্গে এ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরালো হবে।
গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনা কমিউনিস্ট পার্টির ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ আশরাফ এ কথা বলেন। এর আগে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট-সেন্ট্রাল কমিটি অব সিপিসির ভাইস মিনিস্টার এইচ ই গুয়ো ইয়েঝাউয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি চীনা প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক হয়।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুরু হয় ১৯৫৬ সালে, যখন মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের দায়িত্বে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় চীনের সঙ্গে সম্পর্কের কিছুটা ভাটা পড়লেও বর্তমানে এ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। ভবিষ্যতে তা আরও জোরালো হবে। তিনি বলেন, চীনের সঙ্গে শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিসহ বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ততা বেড়েছে। চীনের ঐতিহ্যের সঙ্গে বাঙালির অনেক মিলও রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘আপনারা মোদির কথা বলছেন। আমি যখন চীন সফরে ছিলাম, তখন মোদিও চীন সফরে ছিলেন। এখন আমাদের এই অঞ্চলের (দক্ষিণ এশিয়া) সবাই চায় একসঙ্গে কাজ করতে।’
ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর সম্পর্কে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এইচ ই গুয়ো ইয়েঝাউ বলেন, ভারত দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। এ সফরের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ-ভারত নয়, গোটা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক এগিয়ে যাবে। বৈঠকে এইচ ই গুয়ো ইয়েঝাউ ছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির অ্যান ইউজান, ইয়াং চেন, ঝাউ রং সুই, চেন বিন ও লি ইয়ান জিং উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের পক্ষে ছিলেন মাহবুব উল আলম হানিফ, ফরিদুন্নাহার লাইলী, ফারুক খান, অসীম কুমার উকিল, এস এম কামাল হোসেন।
এর আগে সকাল ১০টায় চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সফররত প্রতিনিধিদলের সদস্যরা বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।