চুক্তির জন্য ভারতের চাপ সুসংবাদ নয় : বিএনপি
ভারত বাংলাদেশ সরকারকে প্রতিরক্ষা চুক্তির জন্য চাপ দিচ্ছে দাবি করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটি বাংলাদেশের জন্য মোটেও সুসংবাদ নয়। ভারত যেভাবে চাপ সৃষ্টি করতে চায়, তা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার পরিপন্থী ও নিয়মবহির্ভূত।
আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘সাউথ চায়না মর্নিং পোস্টের উদ্ধৃতি দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভারতের সাথে প্রতিরক্ষার চুক্তির বিষয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতি দেশবাসীর উদ্বেগের সাথে দৃষ্টি আকর্ষিত হয়েছে। ভারত বাংলাদেশ সরকারকে প্রতিরক্ষা চুক্তির জন্য যে চাপ দিচ্ছে, তা বাংলাদেশের জন্য মোটেও সুসংবাদ নয়। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার কী ভূমিকা রাখবে, এটিও খুব স্পষ্ট নয়।’
রিজভী অভিযোগ করেন, বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষাব্যবস্থায় ‘মেড ইন ইন্ডিয়া’ ছাপ মারতেই এই চুক্তির জন্য ভারত চাপ প্রয়োগ করছে বলে জনমনে ব্যাপক সন্দেহ দানা বেঁধেছে। সংবাদপত্রে এমনও খবর প্রকাশিত হয়েছে, তিস্তা চুক্তির টোপ দিয়ে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে নেওয়ার চেষ্টা চলছে। এ ধরনের চুক্তি হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। শ্রীলঙ্কাও এ ধরনের চুক্তি করেছিল, যার পরিণতি হয়েছে ভয়ানক।
বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত যে প্রতিরক্ষা চুক্তির কথা বলছে, তা বাংলাদেশের নাগরিকদের এখন খুবই উদ্বিগ্ন করে তুলেছে। এটি বাংলাদেশের নাগরিকদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন তো নয়ই বরং গোটা জাতিকে গভীর হতাশা ও দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। যেখানে বাংলাদেশ-ভারত সীমান্ত পৃথিবীর সবচেয়ে রক্তরঞ্জিত সীমান্ত, সেখানে ভারত বাংলাদেশের স্বার্থে প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করবে, এটা মোটেও বিশ্বাসযোগ্য নয়।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, এ ধরনের রাষ্ট্রবিরোধী প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলে জনগণ তা সব শক্তি দিয়ে প্রতিহত করবে। এ দেশের জনগণ বাংলাদেশকে সিকিম বা করদমিত্র রাজ্যের স্ট্যাটাসে অবনমিত করতে দেবে না।
জামায়াতের উদ্বেগ : বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান আজ এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালে ভারতের সঙ্গে কী ধরনের নিরাপত্তা ও সামরিক চুক্তি করা হচ্ছে, তা দেশবাসী সরকারের কাছে জানতে চায়।
উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে তাঁরা জানতে পেরেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালে ভারতের সঙ্গে একটি নিরাপত্তা ও সামরিক চুক্তি সম্পাদন করা হচ্ছে। এ চুক্তির বিষয়ে দেশের জনগণ কিছুই জানে না। দেশের জনগণকে অন্ধকারে রেখে ভারতের সঙ্গে গোপনে নিরাপত্তা ও সামরিক চুক্তি সম্পাদনের ব্যাপারে দেশের জনগণ শঙ্কিত ও উদ্বিগ্ন।