চুয়াডাঙ্গা ও নেছারাবাদে আলাদা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ও চুয়াডাঙ্গায় গতকাল বুধবার ছাত্রলীগের নেতা-কর্মীরা আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছেন।
সকালে নেছারাবাদ শহরের জগন্নাথকাঠি এলাকায় উপজেলা ছাত্রলীগের একাংশ কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করে। এলাকার পুরোনো ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সহসভাপতি রনি দত্ত সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. জাহিদ হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।
এ ছাড়া স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের উদ্যোগে শহরে পৃথক শোভাযাত্রা বের করা হয়। পরে স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর ছাত্রলীগের সভাপতি তানজিম আহমেদ এতে সভাপতিত্ব করেন।
এদিকে চুয়াডাঙ্গায় গত বছরের মার্চ মাসে বিলুপ্ত জেলা ছাত্রলীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ গতকাল পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে।
সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দারের অনুসারীরা শহরের কবরী রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা বের করেন। পরে একই চত্বরে আলোচনা সভা হয়।
সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুর অনুসারীরা শহরের কেদারগঞ্জ এলাকায় জেলা ছাত্রলীগের কার্যালয় চত্বর থেকে বেলা ১১টায় শোভাযাত্রা বের করেন। পরে শহরের শহীদ হাসান চত্বরে আলোচনা সভায় হয়।