চুয়াডাঙ্গার চার পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে
চুয়াডাঙ্গার চারটি পৌরসভায় আজ বুধবার সকালে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া শুরু হয়েছে। নয়টা পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। শীতের তীব্রতা উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। কোনো বাধাবিঘ্ন ছাড়াই ভোট দিতে পেরে ভোটাররাও বেশ খুশি।
চারটি পৌরসভায় নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বেশির ভাগই সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। একাধিক মেয়র ও কাউন্সিলর প্রার্থী বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
চুয়াডাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার রাহেলা খাতুন গার্লস স্কুল কেন্দ্রে, বিএনপির খন্দকার আব্দুল জব্বার সোনা প্রভাতি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ইসলামী আন্দোলন বাংলাদেশের তুষার ইমরান চুয়াডাঙ্গা একাডেমি কেন্দ্রে এবং আওয়ামী লীগের বিদ্রোহী ওবাইদুর রহমান চৌধুরী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
জীবননগর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুন্সী নাসির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী জামায়াতের সাজেদুর রহমান জেলা পরিষদ ডাকবাংলো কেন্দ্রে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম দৌলতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, বিএনপির নোয়াব আলী জীবননগর থানা পাইলট হাইস্কুল কেন্দ্রে ভোট দেন।
দর্শনা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মতিয়ার রহমান দর্শনা সরকারি কলেজ কেন্দ্রে, বিএনপির মহিদুল ইসলাম শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াতের আশকার আলী দক্ষিণ চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
আলমডাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসান কাদির এরশাদপুর একাডেমি কেন্দ্রে এবং বিএনপির মীর মহিউদ্দিন, এনপিপির রোকসানা পারভীন ও স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান আলমডাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট দেন। জাসদের সবেদ আলী জে এন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
জীবননগর পৌরসভার মেয়র প্রার্থী মুন্সী নাসির উদ্দিন ও জাহাঙ্গীর আলম বলেন, প্রভাবমুক্ত পরিবেশেই ভোট নেওয়া চলছে।
দর্শনা পৌরসভার মেয়র প্রার্থী মতিয়ার রহমান বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে।