চুয়াডাঙ্গায় দলীয় কোন্দলে বিএনপির ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় চতুর্থ দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। জেলার আলমডাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নের একটিতেও বিএনপি মনোনীত প্রার্থী জয়লাভ করতে পারেননি। চারটিতে আওয়ামী লীগ, দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ওই সাতটি ইউনিয়নের চারটিতেই (ভাংবাড়িয়া, বারাদী, খাদিমপুর ও চিতলা) বর্তমানে বিএনপিদলীয় চেয়ারম্যানরা ক্ষমতায় রয়েছেন। যাঁদের মধ্যে চিতলা ইউপি চেয়ারম্যান চতুর্থ অবস্থানে এবং বাকি তিনজন নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন। অন্য তিনটি ইউনিয়নের মধ্যে হারদী ও চিতলায় নিকটতম এবং কুমারীতে পঞ্চম অবস্থানে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থীরা।
বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা এ জন্য দলের ভেতরের বিশৃঙ্খলাকেই দায়ী করেছেন। দলীয় চার চেয়ারম্যানের পরাজয়কে বিএনপির অনেক নেতা-কর্মী স্বাভাবিক বলেই মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এসব নেতার দাবি, বর্তমান চেয়ারম্যানরা ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে আঁতাত করে ভাগাভাগিতে ব্যস্ত থাকায় ভোটাররা তাঁদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই এই ফলাফলে বিস্মিত নন তাঁরা।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শহীদুল কাওনাইন গতকাল রোববার বলেন, ‘আমরা কয়েকটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদের পরিবর্তে নতুন মুখ দিতে চেয়েছিলাম। দলের ভেতরকার আরেকটি অংশ বিরোধিতা করেছিল। কেন্দ্রীয় দুই নেতা মাঠের বাস্তব অবস্থাকে পাশ কাটিয়ে মনোনয়ন দেওয়ায় তৃণমূলে অসন্তোষ দেখা দেয়। যার কারণে বিএনপির এই ফল বিপর্যয় হয়েছে।’
বেসরকারি ফলাফলে ভাংবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের কাওসার আহমেদ, খাদিমপুরে আবদুল হালিম মণ্ডল, কুমারী ইউনিয়নে আবু সাঈদ, বারাদী ইউনিয়নে বিএনপির বিদ্রোহী মাসুদ পারভেজ, গাংনীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু তাহের আবু, হারদীতে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের নুরুল ইসলাম এবং চিতলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জিল্লুর রহমান নির্বাচিত হয়েছেন।