চুয়াডাঙ্গায় নবনির্বাচিতদের সংবর্ধনা
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেখ সামসুল আবেদীনসহ নির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের পাশে গতকাল রোববার দুপুরে এর আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলাবাসীর ব্যানারে এই সংবর্ধনা দেওয়া হয়। এর আগে বেলা ১১টায় ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসেন সেখ সামসুল। সদর উপজেলার বদরগঞ্জ বাজারে পৌঁছালে চেয়ারম্যানকে স্বাগত জানানো হয়। এরপর ২০ কিলোমিটার মোটর শোভাযাত্রা সহকারে তাঁকে জেলা পরিষদ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সংবর্ধনা উপলক্ষে বদরগঞ্জ, ডিঙ্গেদহ ও চুয়াডাঙ্গা শহরে পাঁচটি তোরণ তৈরি করা হয়।
এ সময় সংরক্ষিত আসনের নারী সদস্যসহ মোট ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আলী আহাম্মদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আবদুল লতিফ, জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম ও চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান।