চেয়ারম্যানসহ সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যানসহ সব প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন।
এ ছাড়া চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নে সদস্য পদে দুজন ও সংরক্ষিত সদস্য পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
রায়পুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোট হবে। গত বুধবার উত্তর চরবংশী ও চরমোহনা ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। নির্বাচিত হতে যাওয়া প্রার্থীরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত।
চরমোহনা ইউপিতে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, আওয়ামী লীগের সফিক উদ্দিন পাঠানসহ তিনজন, সংরক্ষিত সদস্য পদে তিনজন ও সাধারণ সদস্য পদে ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। গত মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া চেয়ারম্যান পদের অপর দুই প্রার্থী এবং সাধারণ সদস্য পদে নয়জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
উত্তর চরবংশীতে চেয়ারম্যান পদে বিএনপির আবদুল মান্নান সরকার, আওয়ামী লীগের আবুল হোসেন হাওলাদারসহ পাঁচজন, সংরক্ষিত সদস্য পদে ছয়জন ও সাধারণ সদস্য পদে ২৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া চেয়ারম্যান পদের অপর চারজন এবং সাধারণ সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
উত্তর চরবংশী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মান্নান সরকার বলেন, ‘আমার ইউপিতে আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন উপজেলা চেয়ারম্যানের বড় ভাই। আমি আগুনের কুণ্ডলীর মধ্যে আছি। নির্বাচন করার আশায় দল থেকে মনোনয়ন নিয়ে দাখিল করি। কিন্তু পরিস্থিতির কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছি।’
উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুল মালেক গাজী, ৯ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিন মাতাব্বর, চরমোহনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী খোরশেদ আলম ও ২ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেন বলেন, মনোনয়নপত্র কেনার পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হুমকি-ধমকি শুরু করেন। এতে মনোনয়নপত্র প্রত্যাহারে তাঁরা বাধ্য হন। উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেন, অস্ত্রের মুখে বিএনপির প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন প্রত্যাহারের আবেদনে স্বাক্ষর নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, মনোনয়নপত্র প্রত্যাহার করতে কাউকে চাপ দেওয়া হয়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, চরমোহনা ও উত্তর চরবংশী ইউপির সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, প্রার্থীরা সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। চাপ প্রয়োগ করে কোনো প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করার বিষয়ে কেউ জানাননি।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, হাজীগঞ্জ সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওই ওয়ার্ডে দেলোয়ার হোসেন এবং গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউপির ৮ নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওই ওয়ার্ডে নুর মোহাম্মদ নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। একই ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে একমাত্র প্রার্থী রহিমা বেগম নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।