চেয়ারম্যানের অপসারণের দাবিতে আ.লীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ তুলে তাঁর অপসারণ ও শাস্তির দাবিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। দলটির নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে তাঁরা চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম ৮ অক্টোবর রাত ১০টার দিকে নিখোঁজ হন। পরদিন রাতে তাঁর ছোট ভাই নান্নু খান থানায় অভিযোগ করেন, তিনি (চেয়ারম্যান) অপরহণ বা গুম হয়ে থাকতে পারেন। তাঁকে উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করলে পরদিন গভীর রাতে তিনি পুলিশের কাছে হাজির হন। পরদিন ছাত্রলীগের একাংশ চেয়ারম্যানের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ তুলে তাঁর অফিস ও সরকারি বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করে।
ছাত্রলীগ অভিযোগ তোলে, চেয়ারম্যানের সঙ্গে উপজেলা সদরের এক স্কুলশিক্ষিকার অনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি ওই শিক্ষিকার কাছে ছিলেন। অথচ নিখোঁজ হওয়ার নাটক সাজিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। ওই ভাঙচুরের ঘটনায় চেয়ারম্যান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মহম্মদপুর থানায় মামলা করেন। পরে চেয়ারম্যানের বিরুদ্ধে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ তুলে মাগুরা জেলা শহরেও ছাত্রলীগ মানববন্ধন করে।
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মহম্মদপুর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নৈতিক স্খলনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে মহম্মদপুর বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান বক্তব্য দেন। পরে তাঁরা নেতা-কর্মীদের নিয়ে চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ওই সময় চেয়ারম্যান ছিলেন না। এরপর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে গিয়ে তাঁদের অভিযোগ তুলে ধরেন।
আবদুল মান্নান বলেন, ‘স্কুলশিক্ষিকার সঙ্গে চেয়ারম্যানের অনৈতিক সম্পর্কের কারণে আমরা তাঁর বিরুদ্ধে আন্দোলন করছি। ইউএনও ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। কাল (আজ বুধবার) ওই ব্যাপারে স্মারকলিপি দেব। আমরা তাঁর অপসারণ ও শাস্তি চাই। ছেলেপেলে তাঁর কার্যালয়ে তালাও ঝুলিয়ে দিয়েছে।’
অভিযোগের ব্যাপারে খান জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি বিএনপি-সমর্থিত চেয়ারম্যান। তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই সব রটানো হয়েছে। সব অভিযোগ মিথ্যা।’