সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি চোরাবালিতে আটকে গেছে। তারা আন্দোলনের নামে সরকারকে বারবার হুমকি দিচ্ছে। কিন্তু মরা গাঙে জোয়ার আসে না।
গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজউদ্দিন আহমেদের ৩২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ওই কথা বলেন।
জাঙ্গালিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ ওই স্মরণসভার আয়োজন করে। সেখানে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে দিয়ে দেশের কিছু হবে না। তারা নির্বাচনে না গিয়ে ভুল করেছে। তাই এখন আবোলতাবোল বকছে। বিএনপির রাজনীতি এখন ড্রয়িংরুমের ফুলের তোড়া হয়ে আছে।
স্মরণসভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আবদুল গণি ভূঁইয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের সদস্য আখতারউজ্জামান, সাংসদ সায়মন সরোয়ার ও কামরুল আশরাফ এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতউল্লাহ খান।
প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, দেশের ৪১ বছরের ইতিহাসে সবচেয়ে বিচক্ষণ, সফল কূটনীতিক, প্রশাসক ও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম শেখ হাসিনা। ৪১ বছরে দেশের সবচেয়ে বড় উন্নয়নের নামও শেখ হাসিনা। তাই যত দিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
সভায় আরও বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফী মেহেদী হাসান প্রমুখ।