চেয়ার ছুড়ে শেষ ছাত্রলীগের শোকসভা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় ছাত্রলীগের কয়েকটি পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়। লালদীঘি মাঠ, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর শোকসভায় ছাত্রলীগের কয়েকটি পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়। লালদীঘি মাঠ, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ

দফায় দফায় চেয়ার ছোড়াছুড়ি এবং হাতাহাতির মধ্য দিয়ে লালদিঘি মাঠে নগর ছাত্রলীগ আয়োজিত শোকসভা শেষ হয়েছে। সোমবার বিকেলে নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে অনুষ্ঠিত সভায় এই বিশৃঙ্খলা হয়। এ কারণে বক্তব্য দিতে পারেননি কেন্দ্রীয় ও নগরের কিছু নেতাও।

সভায় বিশৃঙ্খলা শুরু হয় বিকেল পাঁচটার দিকে। তখন বক্তব্য দিচ্ছিলেন ওমর গনি এম ই এস কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আরশেদুল আলম। এ সময় মঞ্চের সামনের দর্শক সারি থেকে স্লোগানের সঙ্গে সঙ্গে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। ওই জায়গায় ছিল একই কলেজের বিবদমান আরেকটি পক্ষের নেতা-কর্মীরা।

এ সময় দর্শক সারিতে থাকা ছাত্রলীগ কর্মীরা এদিক-সেদিক দৌড়াতে শুরু করেন। কেউ কেউ মঞ্চে উঠে পড়েন। আবার কেউ মঞ্চের সামনের খালি জায়গায় আশ্রয় নেন। শোকসভায় যোগ দিতে আসা ছাত্রলীগের কয়েকজন নারী কর্মী এ সময় মঞ্চে আশ্রয় নেন।

প্রায় ১০ মিনিট পর সভা পুনরায় শুরু হয়। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে আবার মঞ্চের ডান দিকের দর্শক সারি থেকে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। ওই জায়গায়ও ছিল এম ই এস কলেজের একটি পক্ষ। তখন বক্তব্য দিচ্ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম।

একপর্যায়ে মঞ্চ থেকে নেমে তাঁদের থামাতে যান কয়েকজন ছাত্র ও যুবলীগের নেতা। যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী মঞ্চ থেকে নেমে ডান পাশের দর্শক সারিতে ঢুকে কর্মীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কি লেগে যায়।

একপর্যায়ে বক্তব্য রাখতে মঞ্চে ওঠেন এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যাঁরা এ সভায় বিশৃঙ্খলা করছেন, তাঁদের বহিষ্কার করতে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা কখনো ভাইয়ের গায়ে হাত তুলতে পারেন না।

শোকসভায় মারামারির কারণে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক বিপ্লব বড়ুয়া, নগর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামসহ অনেকে বক্তব্য দিতে পারেননি।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ প্রথম আলোকে বলেন, যাঁরা বিশৃঙ্খলা করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্তের পর আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, শোকসভাকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে লালদিঘি মাঠ ও এর আশপাশে ১২০ জন পুলিশ নিয়োজিত ছিল। মারামারির ঘটনার পর আরও ৪০ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়।