নীলফামারীর ডোমার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচন গতকাল মঙ্গলবার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হাফিজুল ইসলাম জয়ী হয়েছেন। একই দিন উপজেলার বামুনিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে উপনির্বাচনে পারভিন আক্তার নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল আটটার থেকে বিকেল চারটা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। এই ইউনিয়নে ১১ হাজার ৮০৩ জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন পাঁচ হাজার ৮৯৩ জন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য এই ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নয়টি ভোটকেন্দ্রে ৩৬টি ভোটকক্ষ স্থাপন করা হয়। এতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হাফিজুল ইসলাম চার হাজার ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী বিএনপি-সমর্থিত মোসাব্বের হোসেন পেয়েছেন তিন হাজার ২৩৮ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ডোমার সদর ইউনিয়নের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সেকেন্দার আলী জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সন্ধ্যায় সদর ইউপির চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে হাফিজুল ইসলামকে জয়ী ঘোষণা করা হয়েছে।
ডোমার সদর ইউপির চেয়ারম্যান মতিউর রহমান এ বছরের গত ১০ জুন মারা যান। এতে তাঁর পদটি শূন্য হয়। এ কারণে গতকাল সেখানে উপনির্বাচন হয়। এ ছাড়া উপজেলার বামুনিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য সন্ধ্যা রানী রায় স্বেচ্ছায় পদত্যাগ করায় একই দিন এ পদেও উপনির্বাচন হয়।