চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী ৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছাবেদুর রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নেতা-কর্মীদের জন্য অায়োজিত ভোজে আচরণবিধি লঙ্ঘন করে বক্তৃতা করেন সাংসদ নাহিম রাজ্জাক। গতকাল তোলা ছবি l প্রথম আলো
শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছাবেদুর রহমানের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নেতা-কর্মীদের জন্য অায়োজিত ভোজে আচরণবিধি লঙ্ঘন করে বক্তৃতা করেন সাংসদ নাহিম রাজ্জাক। গতকাল তোলা ছবি l প্রথম আলো

দেশের কমপক্ষে ১৫ জেলায় আওয়ামী লীগের ৩২ জন প্রার্থী দলীয় সিদ্ধান্ত অমান্য করে বা বিদ্রোহী হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
প্রথম আলোর সংশ্লিষ্ট জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, নির্বাচন ঘিরে ওই সব জেলায় কোন্দল সৃষ্টি হয়েছে। অন্য দলগুলো এই নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির একাধিক বিদ্রোহী প্রার্থী। এর মধ্যে ভূমিমন্ত্রীর মেয়ে, বিভিন্ন জেলার সাধারণ সম্পাদক ও সহসভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, জেলা পরিষদ নির্বাচনে এখনো যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এই সময় পর্যন্ত কেন্দ্র অপেক্ষা করবে, এরপর কেউ যদি দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হন, তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘এখনো যাচাই-বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। আমরা এই পর্যন্ত অপেক্ষা করব। পরে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৬১ জেলায় অনুষ্ঠেয় নির্দলীয় এই নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ৩ হাজার ৫৬১ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮৯৫ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, পাবনায় দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে ও জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন। এখানে দলীয় সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম। এর বাইরে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন।
জানতে চাইলে মাহজেবিন শিরিন প্রথম আলোকে বলেন, ‘এখানে দলীয় সমর্থন থাকলেও কোনো প্রতীক থাকছে না। নারীর ক্ষমতায়ন সমুন্নত রাখতেই আমি এই নির্বাচনে প্রার্থী হয়েছি।’
রাজশাহী জেলায় আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন বর্তমান জেলা পরিষদের প্রশাসক মাহবুব জামান। তবে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী সরকার।
চাঁপাইনবাবগঞ্জে দলীয় সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মণ্ডল। সেখানে আরও প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান ও আওয়ামী লীগ থেকে এর আগে দুবার সংসদ সদস্য পদে মনোনয়ন পাওয়া আফসার আলী।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের দল-সমর্থিত প্রার্থী বর্তমান প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারী। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শফিকুল আলম ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন।
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান। বিদ্রোহী প্রার্থী হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য শামসুল আবেদিন ও আওয়ামী লীগের সমর্থনে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুন অর রশীদ।
পটুয়াখালীতে দলীয় সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। সেখানেও মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ জাহাঙ্গীর।
সাতক্ষীরায় আওয়ামী লীগের দলীয় সমর্থন পেয়েছেন জেলা সভাপতি মুনসুর আহমেদ। সেখানে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
মেহেরপুরে দলীয় সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিয়াজান আলী। এই জেলায় বিদ্রোহী তিন প্রার্থী হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপদি সাইদুজ্জামান খোকন ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস।
জামালপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন। এখানে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন এইচ আর জাহিদ আনোয়ার। তবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী ও তাঁর স্ত্রী আঞ্জুমান আরা বেগম, সহসভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার জাহান ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আমিন।
মাগুরায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বাইরে মনোনয়নপত্র জমা দিয়েছে জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক রানা আমির ওসমান ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া।
পঞ্চগড় জেলায় দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা সারওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ও সদর উপজেলার জ্যেষ্ঠ সহসভাপতি আমানুল্লাহ।
গাইবান্ধায় দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম। সেখানে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল।
মৌলভীবাজারে আজিজুর রহমান আওয়ামী লীগের সমর্থন পেলেও দলের জেলা কমিটির সদস্য আবদুর রহিম শহীদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সুনামগঞ্জে আওয়ামী লীগের মনোনায়ন পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এম এনামুল কবির। দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী।
বরিশালে আওয়ামী লীগের সমর্থন পান খান আলতাফ হোসেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহেন চৌধুরী, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইদুল হোসেন ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম ফারুক।
চাঁদপুরে আওয়ামী লীগের সমর্থন পেয়েছিলেন সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী। তিনি ওই এলাকার ভোটার না হওয়ায় মনোনয়নপত্র দাখিল করতে পারেননি।
জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান (গোলাপ) প্রথম আলোকে বলেন, চাঁদপুরে যে ১০ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, তাঁদের একজনকে দলীয় সমর্থন দেওয়া হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ভোট গ্রহণ করা হবে ২৮ ডিসেম্বর।