মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ মঙ্গলবার।
নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে আওয়ামী লীগের চারজন ও বিএনপির একজন। তাঁরা হলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসির (আনারস), আওয়ামী লীগের নেতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রুস্তম আলী (ঘোড়া), জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক (দোয়াত-কলম), ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর হোসেন (হেলিকপ্টার) ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ (মোটরসাইকেল)।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর সরকারবিরোধী আন্দোলনের সময় পেট্রলবোমা হামলাসহ নানা মামলার আসামি আলী আহমেদ পলাতক রয়েছেন। আওয়ামী লীগ রুস্তম আলীকে দলীয় সমর্থন দেয়।
তবে দলীয় সমর্থন ছাড়াই আবু নাসিরসহ অন্য তিন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মো. নাজিম উদ্দিনের মৃত্যুর কারণে এ উপনির্বাচন হচ্ছে। তিনি গত ২২ এপ্রিল মারা যান।