
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৩১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহিদা খানম। তিনি কুসুম্বা ইউপিতে বিএনপি মনোনীত প্রার্থী।
শাহিদা খানমের স্বামী আবদুল গফুর পাঁচবিবি উপজেলা বিএনপির আহ্বায়ক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। শাহিদা খানম মুঠোফোনে বলেন, তাঁর স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি দীর্ঘদিন থেকে আত্মগোপনে রয়েছেন। তিনি (শাহিদা) বিএনপির রাজনীতি সমর্থন করেন। ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে আগেও পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন তিনি। তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চান।
কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. জিহাদ মণ্ডল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোক্তার হোসেনসহ তিনজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৩ এপ্রিল আট ইউপিতে ভোট হবে।
জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে জেলা কমিটির সিদ্ধান্তে শাহিদা খানমকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।