চেয়ারম্যান পদে দুই নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে দুই নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন গালিমপুর ইউপি থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে শিল্পী ইসলাম ও চুড়াইন ইউপিতে একই প্রতীকে আসমা আক্তার।

উপজেলার ১৪টি ইউপিতে চতুর্থ ধাপে আগামী ৭ মে ভোট নেওয়া হবে।

 শিল্পী ইসলাম জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সহসম্পাদক। তিনি বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হলে নারীদের সব কাজে অগ্রাধিকার দেব। কারণ নারীরা পুরুষের কাছে গিয়ে প্রয়োজনীয় সেবা নিতে সংকোচ বোধ করেন। সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।’

গালিমপুরের বাসিন্দা পারভেজ হোসেন বলেন, ‘আশা করা যায়, এ ইউপিতে শিল্পী ইসলামের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর লড়াই হবে।’

ওই ইউপিতে অন্য প্রার্থীরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের প্রার্থী আজিজুর রহমান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বিএনপির প্রার্থী তপন মোল্লা, আওয়ামী লীগের বিদ্রোহী লুৎফর রহমান।

চুড়াইন ইউপিতে লাঙ্গল প্রতীকের প্রার্থী আসমা আক্তার বলেন, ‘আমি প্রতিটি পাড়া-মহল্লায় মানুষের কাছে যাচ্ছি। সাধারণ ভোটাররা আমার পাশে আছেন। দলের নেতা-কর্মীসহ সাধারণ ভোটাররা নারী প্রার্থী পেয়ে অনেকটাই উৎফুল্ল।’

চুড়াইন ইউপির অন্য প্রার্থীরা হলেন—আওয়ামী লীগের আবদুল জলিল ব্যাপারী, বিএনপির ইউসুফ আলী খান, বিএনপির বিদ্রোহী বর্তমান ইউপি চেয়ারম্যান আবু সাইদ।