চেয়ারম্যান পদে দুজনের মনোনয়নপত্র প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল শুক্রবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাহলাপ্রু মারমা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আর দুপুর ১২টার দিকে আরেক স্বতন্ত্র প্রার্থী মো. সাহাজ উদ্দিন প্রতিনিধির মাধ্যমে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম মশিউর রহমান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের পর এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা দাঁড়াল তিনে। তিনি বলেন, নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, উপজেলা বিএনপির সভাপতি মো. ইউছুফ ও স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা।
২০১৫ সালের ২ জুন মাটিরাঙা উপজেলার গুইমারা ইউনিয়ন, রামগড় উপজেলার হাফছড়ি ও মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়ন নিয়ে গুইমারা উপজেলা গঠনের ঘোষণা দেওয়া হয়। উপজেলায় ভোটারের সংখ্যা ২৭ হাজার ৪৪৫। আগামী ৬ মার্চ গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।