চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত এম এ সালামসহ দুজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া সাধারণ ও সংরক্ষিত সদস্যপদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৪ জন।
চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম এবং আনোয়ারা উপজেলার বাসিন্দা ও বিএনএফের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি নারায়ণ রক্ষিত মনোনয়নপত্র জমা দেন।
এম এ সালাম চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন প্রথম আলোকে জানান, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১৬ জন এবং সাধারণ সদস্যপদে ৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সব দিক বিবেচনা করে আমাকে সমর্থন দিয়েছেন। আমি সততা ও সমতাবিধানের ভিত্তিতে পাঁচ বছর জেলা পরিষদের প্রশাসক হিসেবে এলাকার উন্নয়ন করেছি। নির্বাচিত হলে চট্টগ্রামের সব এলাকার প্রতি আমার নজর থাকবে।’
নারায়ণ রক্ষিত প্রথম আলোকে জানান, এর আগে তিনি দুবার জাতীয় সংসদ ও একবার উপজেলা পরিষদের নির্বাচন করেছেন।
লক্ষ্মীপুরে চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়নপত্র জমা: লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. শামছুল ইসলাম, রামগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জাতীয় পার্টির কমলনগর উপজেলা সভাপতি আবদুর রাজ্জাক।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ জানান, চেয়ারম্যান পদে চারজন ছাড়া পাঁচটি সংরক্ষিত মহিলা সদস্যপদে ১৫ জন ও ১৫টি সাধারণ সদস্যপদে ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেনীতে চেয়ারম্যান পদে লড়বেন ৩ জন: ফেনী অফিস জানায়, ফেনী জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ওবায়দুল হক এবং আজিজুল বারী চৌধুরী।
এ ছাড়া সাধারণ সদস্যপদে ১৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্যপদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।