যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী এম জি সরোয়ার ফারাজী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। গত সোমবার সিদ্দিপাশা গ্রামের নিজ বাড়িতে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের বৈঠকে তিনি এ ঘোষণা দেন। পারিপার্শ্বিক চাপের কারণে তিনি এই ভোট বর্জন করছেন বলে ওই বৈঠকে উপস্থিত নেতা-কর্মীদের জানিয়েছেন।
এম জি সরোয়ার ফারাজী গতকাল শনিবার প্রথম আলোকে তাঁর ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন। ২৮ মে সিদ্দিপাশা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩ মে ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এই নির্বাচনে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দেন। ৬ মে প্রার্থিতা বাছাইকালে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। ১২ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। পরদিন ১৩ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সিদ্দিপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন খান এ কামাল (আওয়ামী লীগ), এম জি সরোয়ার ফারাজী (বিএনপি), মো. ফজলুল বারি (জাতীয় পার্টি) শেখ আবু জাফর (স্বতন্ত্র) ও শেখ আবদুল লতিফ (স্বতন্ত্র)। খান এ কামাল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিদ্দিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবু জাফর ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আবদুল লতিফ।
এম জি সরোয়ার ফারাজী প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই আমার নামে চার-পাঁচটি মামলা রয়েছে। তার ওপর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আমার এবং আমার নেতা-কর্মীদের নানা ভয়ভীতি দেখানো এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছিল। অব্যাহত পারিপার্শ্বিক চাপের কারণে আমি নির্বাচন বর্জন করেছি। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না।’