বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রীর নাম প্রস্তাব করে ঢাকায় পাঠানো হয়েছে। এতে ক্ষুব্ধ জেলা ও মহানগর আওয়ামী লীগের একটি অংশ। তাদের ভাষ্য, জেলা ও মহানগর আওয়ামী লীগ দখলের পর এবার হাসানাত পরিবার জেলা পরিষদ নিয়ন্ত্রণে মাঠে নেমেছে।
মহানগর আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেছেন, ‘ওনাগো (হাসানাত পরিবার) সব লাগবে। ভাইর (হাসানাত) লাগবে গৌরনদী, ছোট পোলারে এমপি বানাবে গৌরনদী দিয়া। ভাবির লাগবে জেলা পরিষদ। বড় ছেলেরে বরিশাল শহর দিয়া মেয়র বানানো লাগবে। সবই হ্যাগো।’
বিক্ষুব্ধ নেতারা বলছেন, জেলা ও মহানগর আওয়ামী লীগ মূলত আবুল হাসানাতের নিয়ন্ত্রণে। জেলার সব উপজেলার চেয়ারম্যান, মেয়র ও মহানগরের সভাপতি-সম্পাদক সবাই তাঁর অনুসারী। তিনি যা বলেন তা-ই হয়। এখানে অন্য কারও কিছু করার নেই। অনুসারীদের দিয়ে এখন জেলা পরিষদের চেয়ারম্যান পদে স্ত্রীর নামে প্রস্তাব তৈরি করেছেন আবুল হাসানাত।
যোগাযোগ করা হলে আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা বেগম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা জেলা পরিষদ নির্বাচনের জন্য আমার নাম প্রস্তাব করে পাঠিয়েছে বলে শুনেছি। আমি অসুস্থ। ওরা বাসায় এসেছিল স্বাক্ষর নেওয়ার জন্য। আমি স্বাক্ষর করে দিয়েছি।’
গত বুধবার গৌরনদী পৌরসভায় এক জরুরি বৈঠক হয়। সেখানে বরিশাল জেলার ১০ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ৬ পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য একক প্রার্থী হিসেবে আবুল হাসানাতের স্ত্রী সাহান আরা বেগমের নাম চূড়ান্ত করা হয়। প্রস্তাব ইতিমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। এখন বিষয়টি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায়।
গৌরনদীর বৈঠকে সভাপতিত্ব করেন মেহেন্দীগঞ্জ উপজেলার চেয়ারম্যান মনসুর আহম্মেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘জেলা পরিষদ আমাদের সংগঠন। এখানে চেয়ারম্যান কে হবেন, সেটা আমাদের বিষয়। এখানে ভাইয়ের (হাসানাত) কোনো নির্দেশনা নেই। আমরা বৈঠক করে ভাবির নাম চূড়ান্ত করেছি।’ তিনি আরও বলেন, আজ (শুক্রবার) একক প্রার্থীর প্রস্তাব নিয়ে সরাসরি ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে। প্রস্তাবের একটি কপি জেলা আওয়ামী লীগ ও একটি মহানগর আওয়ামী লীগকেও দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করীম বলেন, ‘জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে প্রধানমন্ত্রী দলের ত্যাগী নেতা-কর্মীর বাইরে কাউকে মনোনয়ন দেবেন না বলে আমরা আশা করি। দলে যাঁদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম করার অভিজ্ঞতা আছে, তাঁদেরই দেওয়া উচিত। প্রধানমন্ত্রী জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে অতীতেও বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এবারও সঠিক সিদ্ধান্ত নেবেন, এটা আমাদের বিশ্বাস।’
জেলা পরিষদের বর্তমান প্রশাসক খান আলতাফ হোসেন (ভুলু) বলেন, ‘এক পরিবারের সব লাগলে তো আমাদের কিছু বলার নেই। আমাকে নেত্রী তিন মাস আগে দায়িত্ব দিয়েছেন। আমাকে আরও পাঁচ বছরের জন্য কাজ করার সুযোগ দেবেন বলে আশা করি।’
খান আলতাফ হোসেন আরও বলেন, ‘আমি ৬০-এর দশকে ছাত্র আন্দোলন করতে গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে কারাভোগ করেছি। পরের সব আন্দোলন এবং ৭৫-এর ১৫ আগস্টের পরও আমি রাজপথে ছিলাম, আছি। ৫৪ বছরের রাজনীতিতে কোনো অভিযোগ নেই। প্রধানমন্ত্রীর প্রতি আমার আস্থা আছে, তিনি আমাকেই দায়িত্ব দেবেন।’
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি হলেন সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ। সহসভাপতি তাঁর স্ত্রী সাহান আরা বেগম। জেলা কমিটিতে সদস্য হিসেবে আছেন তাঁদের ছোট ছেলে আশিক আবদুল্লাহ। এই পরিবারের আরও দুজন এই কমিটির সদস্য। আর মহানগর আওয়ামী লীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন আবুল হাসানাতের বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ ছাড়া মহানগরের সভাপতি-সম্পাদকসহ পুরো কমিটি হাসানাত অনুসারীদের বলে জনশ্রুতি আছে।