ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে দলের উপজেলা ও ইউনিয়ন কমিটির পাঁচজন নেতার যৌথ সুপারিশ লাগবে। তাঁরা হলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। তাঁদের সুপারিশের ভিত্তিতে প্রার্থী চুড়ান্ত করবেন বিএনপির চেয়ারপারসন।
গতকাল শনিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ ছাড়া সুপারিশকৃত চেয়ারম্যান পদপ্রার্থীর নির্ভুল নাম এবং ভোটার আইডি নম্বর (ভোটার তালিকা থেকে সংগৃহীত) সংগ্রহ করে মনোনয়নপত্র দাখিলের সাত দিন আগে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে পৌঁছাতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক কমিটির ক্ষেত্রে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব সুপারিশ করবেন। সদস্যসচিব না থাকলে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুপারিশ করবেন। একইভাবে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ক্ষেত্রেও আহ্বায়ক ও সদস্যসচিব সুপারিশ করবেন। সদস্যসচিব না থাকলে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, ২ নম্বর যুগ্ম আহ্বায়কসহ যৌথভাবে পাঁচ ব্যক্তি দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর নাম সুপারিশ করবেন।
আহ্বায়ক কমিটিতে যদি যুগ্ম আহ্বায়কের পদ না থাকে, সে ক্ষেত্রে উপজেলা বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক ও সদস্যসচিব, সদস্যসচিব না থাকলে ১ নম্বর সদস্য এবং ইউনিয়ন বিএনপির কমিটির ক্ষেত্রে আহ্বায়ক ও সদস্যসচিব, আর সদস্যসচিব না থাকলে ১ নম্বর সদস্য ও ২ নম্বর সদস্য, অর্থাৎ অনুরূপ পাঁচজন যৌথভাবে প্রার্থীর নাম অনুমোদনের জন্য সুপারিশ করবেন।