জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রায় ৫৭ শতাংশের পেশা ব্যবসা। আশাব্যঞ্জক হচ্ছে, প্রায় ৭০ শতাংশ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর পাস। তবে প্রার্থীদের মধ্যে প্রায় এক-চতুর্থাংশের বিরুদ্ধে কোনো না কোনো সময় মামলা ছিল বা আছে।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করা হয়। জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে তথ্য উপস্থাপন উপলক্ষে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
সংবাদ সম্মেলনে সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কয়েকজন সংসদ সদস্য ইতিমধ্যে জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন। পত্রিকায় তাঁদের ছবিও এসেছে। কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের পথে অনেকটা অগ্রসর হয়েছি। গণতন্ত্রের শর্ত হচ্ছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তবে আমাদের দেশে তা কতটুকু আছে, তা গণমাধ্যমে দেখছি।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, জেলা পরিষদ নির্বাচনে ১৪৯ জন চেয়ারম্যান প্রার্থী হলেও লালমনিরহাট জেলার তিনজন চেয়ারম্যান প্রার্থীর তথ্য ওয়েবসাইটে না পাওয়ায় ১৪৬ জনের তথ্য বিশ্লেষণ করেছে সুজন। সুজনের দেওয়া প্রতিবেদনে দেখা গেছে, ১৪৬ জন প্রার্থীর মধ্যে মাত্র ৫০ জন প্রার্থী আয়কর দিয়েছেন।
সুজনের বিশ্লেষণে দেখানো হয়, ১৪৬ প্রার্থীর মধ্যে ১০২, অর্থাৎ প্রায় ৭০ শতাংশ প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর পাস। এসএসসি বা এর কম শিক্ষাগত যোগ্যতা ২২ জনের। প্রার্থীদের পেশা ব্যবসার পরই আছে আইন। মোট প্রার্থীর ২৩ জনই আইনজীবী। আর কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত আছেন ১৩ জন। জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে বর্তমানে মামলা রয়েছে। আর ৩৬ জনের বিরুদ্ধে অতীতে মামলা ছিল। আটজনের বিরুদ্ধে উভয় সময়েই মামলা ছিল।
প্রার্থীদের মধ্যে ৭৬ জন বছরে ৫ লাখ টাকার নিচে আয় করেন। ৬ জনের বার্ষিক আয় ১ কোটি টাকার বেশি। বছরে ২ লাখ টাকার কম আয়কারী প্রার্থী রয়েছেন ১৫ জন। সুজন বলছে, নির্বাচনী হলফনামায় প্রার্থীরা যে তথ্য দিয়েছেন, তা কোনোভাবেই বর্তমান সম্পদের প্রকৃত চিত্র নয়। কারণ, প্রার্থীদের অনেকেই সম্পদের মূল্য উল্লেখ করেননি। আবার যা উল্লেখ করেছেন, সেটা অর্জনকালীন মূল্য বর্তমান বাজারমূল্য নয়।
সংবাদ সম্মেলনে দিলীপ কুমার সরকার লিখিত বক্তব্যে আরও বলেন, স্বল্পসংখ্যক প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠেয় এই নির্বাচনকে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলার সুযোগ নেই। ইতিমধ্যে ২২টি জেলার চেয়ারম্যান পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিগত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যাপকসংখ্যক মেয়র ও চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তিনি আরও বলেন, ‘আমাদের দেশে বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়, সে ধরনের উৎসাহ-উদ্দীপনা না থাকলেও আমরা চাই, এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হোক।’
ভবিষ্যতে জেলা পরিষদ নির্বাচনের জন্য সুজনের পক্ষে সরকারের কাছে কিছু সুপারিশও করা হয়। সেগুলো হলো নির্বাচকমণ্ডলীর পরিবর্তে সরাসরি জনগণের ভোটে জেলা পরিষদ নির্বাচনের ব্যবস্থা; সাংসদকে জেলা পরিষদের উপদেষ্টা রাখার বিধান পরিবর্তন এবং চেয়ারম্যানসহ জেলা পরিষদের সদস্যদের আদালতে দোষী সাব্যস্ত হওয়ার আগেই সাময়িক বরখাস্ত করার বিধান বাতিল করার সুপারিশ করা হয়।