চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পাননি অনেক ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল শনিবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কয়েকটি কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারতে দেখা গেছে। এ ছাড়া অনেক কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপার শেষ হয়ে যায়। অনেক কেন্দ্রে ভোটারদের চেয়ারম্যানের ব্যালট দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার পাঁচটি ইউপিতে গতকাল ভোট গ্রহণ করা হয়। ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি অভিযোগ এনে বিএনপির পাঁচজন, জাতীয় পার্টির (জাপা) তিনজন ও আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তাঁরা হলেন বিএনপির প্রার্থী আখাউড়া উত্তরের আল আমিন ভূঁইয়া, দক্ষিণের মো. শাহ নোয়াজ খান, মনিয়ন্দের মোহাম্মদ রবিউল্লাহ ভূঁইয়া, ধরখারের হুমায়ূন কবির জীবন ও মোগড়া ইউপির মো. নান্নু মিয়া। জাপার তিন প্রার্থী হলেন উত্তরের জামাল ভূঁইয়া, দক্ষিণের মো. মনিরুল ইসলাম ভূঁইয়া ও ধরখারের মো. সফিকুল ইসলাম এবং মনিয়ন্দ ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মাহবুবুল আলম চৌধুরী।
বেলা ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউপির তুলাই শিমুল কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যানের ব্যালট শেষ হয়ে গেছে। তুলাই শিমূল গ্রামের মো. শরীফ মিয়া কেন্দ্রের বাইরে গণমাধ্যমকর্মীদের বলেন, তিনি এবারই প্রথম ভোট দিচ্ছিলেন। কিন্তু কেন্দ্র থেকে তাঁকে চেয়ারম্যানের ব্যালট দেওয়াই হয়নি।
এ বিষয়ে কেন্দ্রের পোলিং কর্মকর্তা মো. আমানুল্লা বলেন, প্রিসাইডিং কর্মকর্তা বলতে পারেন। পরে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. বদরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ ইউপির শহীদ সিপাহি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা নারী আনসার সদস্য হাসেনা বেগমকে দেখা যায় ভোটারদের কাছ থেকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট নিয়ে সিল মারছেন। জানতে চাইলে হাসেনা বলেন, ভোটাররা ব্যালট পেপার ভাঁজ করতে পারেন না। তাই তিনি সহায়তা করছিলেন।
দুপুর পৌনে ১২টার দিকে একই কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট মিন্টু মিয়াকে দেখা যায়, তিনিও ভোটারদের কাছ থেকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সিল মারছেন। তবে জানতে চাইলে তিনি বলেন, সিল মারছেন না। ভোটারদের সহায়তা করছেন।
আখাউড়ার ইউএনও বলেন, আব্দুল্লাহপুর, নয়াদিল, গোয়ালগাংগাই ও ঝিকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছু সময় ভোট গ্রহণ স্থগিত রাখা ছাড়া বড় ধরনের কোনো গোলযোগ হয়নি। শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে।