চেয়ারম্যান–মেয়রের দ্বন্দ্বে উত্তপ্ত হবিগঞ্জ শহর
হবিগঞ্জে অটোরিকশা চালক-শ্রমিক সমিতির কর্তৃত্ব নিয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমানের মধ্যে বিরোধ তীব্র হয়ে উঠেছে। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে দুদিন ধরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করছে। এতে করে জেলা সদরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, গত বুধবার হবিগঞ্জ অটোরিকশা চালক-শ্রমিক সমিতির লোকজন শহরের উমেদনগর অটোরিকশাস্ট্যান্ড দখলের অভিযোগ এনে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে প্রায় আড়াই ঘণ্টা ধরে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা মেয়র মো. মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও অটোরিকশাস্ট্যান্ড দখলের অভিযোগ তোলেন।
তবে মিজানুর বলেন, উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম উমেদনগর এলাকাসহ বেশ কয়েকটি স্ট্যান্ড থেকে মোটা অঙ্কের টাকা চাঁদাবাজি করছেন। আর তিনি দখল নয়, মোতাচ্ছিরুলের চাঁদাবাজি বন্ধ করেছেন। মোতাচ্ছিরুল জেলা অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গত বৃহস্পতিবার ‘চাঁদাবাজির অভিযোগে সড়ক অবরোধ’ শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।
এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনায় গতকাল সোমবার শহরের শিরীষতলায় অটোরিকশা চালক-শ্রমিক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোতাচ্ছিরুল ইসলাম। এ সময় তিনি মেয়র মিজানুরের বিরুদ্ধে চাঁদাবাজির নানা অভিযোগ আনেন।
পরে অটোরিকশাচালকেরা শহরে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে মেয়রের বিরুদ্ধে নানা স্লোগান দেন অটোরিকশাচালকেরা।
উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনায় হবিগঞ্জ শহরে ব্যবসায়ীদের একাংশ গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখেন। শহরের চৌধুরীবাজার মোড় থেকে বাণিজ্যিক এলাকা পর্যন্ত সব ধরনের দোকানপাট বন্ধ ছিল। এর আগে গত রোববার অটোরিকশা চালক সমিতির একাংশ চাঁদাবাজি বন্ধে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলকারীরা পৌরসভার মেয়র মিজানুর রহমানের ওপর চাঁদাবাজির অভিযোগ আনায় ক্ষোভ প্রকাশ করেন। ওই দিন পৌরসভার সব কর্মকর্তা ও কর্মচারী সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি করেন।
গত রোববার দুপুরে এক সংবাদ সম্মেলন করে মিজানুর বলেন, জেলা অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ষড়যন্ত্র করছেন। সামনের ডিসেম্বর মাসে হবিগঞ্জ পৌরসভার নির্বাচন। এবারের নির্বাচনে তিনি আবারও প্রার্থী হবেন। নির্বাচন ঘিরে তাঁর বিরুদ্ধে এ অপবাদ চালানো হচ্ছে। তিনি কোনো অটোরিকশার সমিতির নেতা বা সদস্য নন। এমনি তাঁর নামে কোনো অটোরিকশা নেই।
মোতাচ্ছিরুল ইসলাম বলেন, গতকালের জনসভায় অটোরিকশাচালকেরা প্রমাণ করেছেন, মিজানুর রহমান একজন চাঁদাবাজ। তিনি নিজের চাঁদাবাজি ঢাকতে অন্যের ওপর নানা অপবাদ দিচ্ছেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, শহরের পরিস্থিতি উত্তপ্ত থাকায় শহরের সব জায়গায় অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়েছে।