চেয়ারম্যানসহ ১০ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই এক ইউনিয়নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও সদস্য মিলিয়ে পদ ১৩টি। কিন্তু নির্বাচনে চেয়ারম্যানসহ ১০টি পদেই প্রার্থী একজন করে। অর্থাৎ, তাঁদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বিনা ভোটে নির্বাচিত হতে যাওয়া এই প্রার্থীদের সবাই আওয়ামী লীগের। এই চিত্র ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে।
বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে তাঁদের প্রার্থী হতে দেওয়া হয়নি। আর সাধারণ ভোটাররা বলছেন, নির্বাচনের আনন্দ থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ভোট হবে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে নয়টিতে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ৩১ মার্চ। চেয়ারম্যান পদে একজন, নয়টি সাধারণ সদস্যপদের মধ্যে চারটিতে একজন করে এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে দুটিতে একজন করে মনোনয়নপত্র জমা দেন। সাধারণ সদস্যপদে তিনটিতে দুজন করে মনোনয়নপত্র জমা দিলেও একজন করে পরে প্রত্যাহার করে নেন। অর্থাৎ ১ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপদ ও ১ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডেই কেবল নির্বাচন হচ্ছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোদাচ্ছের হোসেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনোনয়নপত্র জমা দেননি। এ ছাড়া ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী মো. সাইফুল্লাহ, ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক মোল্লা, ৪ নম্বরে আওয়ামী লীগের কর্মী মো. ফসিয়ার রহমান, ৫ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মফিজ খান, ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী মো. মোবারক আলী তরফদার, ৭ নম্বর ওয়ার্ডে মো. ইমদাদুল হক ও ৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী মো. শের আলী একক প্রার্থী। ২ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে শিউলী ও ৩ নম্বর ওয়ার্ডে নূরজাহানের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
ওই ইউনিয়নে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন মোহাম্মদ আলী। তিনি প্রথম আলোকে বলেন, তিনি মনোনয়নপত্রও কিনেছিলেন। কিন্তু এর পরদিনই তাঁর বাড়িতে হামলা হয়। তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি ব্যাংকে টাকা জমা দেওয়ার পরও মনোনয়নপত্র জমা দিতে যেতে পারেননি। তাঁকে উপজেলা পরিষদে ঢুকতে দেওয়া হয়নি। প্রশাসনের সহযোগিতা চেয়েও পাননি।
ওই ইউনিয়নের বিএনপির সভাপতি মো. আক্কাচ আলী বলেন, ভয় দেখিয়ে তাঁদের প্রার্থী হতে দেওয়া হয়নি।
তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদের একক প্রার্থী মো. মোদাচ্ছের হোসেন প্রথম আলোকে বলেন, কাউকে ভয় দেখানো হয়নি। বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচনে জয়লাভ করতে পারবেন না ভেবে ভোটে আসেননি। তিনি আরও বলেন, মোহাম্মদ আলীর বাড়িতে হামলার বিষয়টি শুনেছেন। কারা করেছেন, জানেন না।
একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ভোট দিতে না পেরে হতাশ। মনিরুল ইসলাম নামের একজন প্রবীণ ভোটার জানান, বাংলাদেশ হওয়ার পর অনেকবার ভোট দিয়েছেন, কিন্তু গ্রাম পর্যায়ে এ-জাতীয় ভোট কখনো দেখেননি।
এ বিষয়ে ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, কেউ মনোনয়নপত্র জমা না দিলে তাঁদের কিছু করার নেই। তা ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে ভয়ভীতি বা হুমকি দেওয়ার অভিযোগও কেউ করেননি।